চট্টগ্রাম নগরের প্রবেশমুখে ভিক্টোরি জুট মিলের জায়গায় কনটেইনার ইয়ার্ড নির্মাণের উদ্যোগের প্রতিবাদে গতকাল বুধবার দিনব্যাপী অবস্থান ধর্মঘট করেছে স্থানীয় বাসিন্দারা। ওই পাটকলের ফটকের সামনে এ কর্মসূচি পালনকালে তারা সেখানে লুডু ও ক্যারমও খেলে। জানা গেছে, ভিক্টোরি জুট মিলের ৫৭ শতাংশ শেয়ারের মালিক ইস্পাহানি গ্রুপ সেখানে কনটেইনার ইয়ার্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইয়ার্ড নির্মাণ না করে ওই পাটকল চালুর দাবিতে স্থানীয় বাসিন্দারা কনটেইনার টার্মিনাল প্রতিরোধ কমিটির ব্যানারে আন্দোলন করছে। গত ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করে তারা। গতকাল অবস্থান ধর্মঘট চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম সুজন তাঁর বক্তব্যে পাটকলটি চালু করার আহ্বান জানান। অন্যথায় যাদের কাছ থেকে পাটকলের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল, তাদের জমি ফেরত দেওয়ার দাবি জানান তিনি। অন্য বক্তারা বলেন, ভিক্টোরি জুট মিলে কনটেইনার ইয়ার্ড নির্মাণ হলে অর্ধেক এলাকা বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাবে। শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। এ এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।