চট্টগ্রামে ভুয়া দুই মানবাধিকারকর্মী দুই দিনের রিমান্ডে
মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে থানায় তদবির করার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই যুবককে গতকাল বুধবার দুই দিনের রিমান্ডে নিয়েছে হাটহাজারী থানার পুলিশ। ১৫ নভেম্বর হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে তদবির করতে গিয়ে প্রথমে মো. সাইফুল গ্রেপ্তার হন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মো. রফিককে।পুলিশ সূত্র জানায়, জায়গাজমি-সংক্রান্ত বিষয়ে তদবির করতে ১৫ নভেম্বর সকালে সাইফুল এক মহিলাকে নিয়ে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তারের কাছে যান। এ সময় সাইফুল বলেন, ‘স্যার, মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে না। একজন মহিলা কষ্টে আছেন। এ জন্য তাঁকে নিয়ে আপনার কাছে এসেছি।’হাটহাজারী সার্কেলের এএসপি মো. বাবুল আক্তার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সাইফুলের আচরণ সন্দেহজনক ছিল। তাই তাঁকে কয়েকটি প্রশ্ন করি। তিনি কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি।’বাবুল আক্তার বলেন, ‘তাঁদের প্রতারণার আরও তথ্য বের করার জন্য আমরা দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করি। বিচারিক হাকিম আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’ তিনি মনে করেন রিমান্ডে আরো অনেক তথ্য পাওয়া যাবে।