চট্টগ্রামে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের যানবাহন শাখা থেকে খোয়া যাওয়া চালান বইসহ একজন ভুয়া সার্জেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরের টাইগারপাস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি টাইগারপাস ও দেওয়ানহাট মোড় এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছিলেন বলে অভিযোগ রয়েছে।পুলিশ সূত্র জানায়, ভুয়া সার্জেন্টের নাম ইমরানুল হক (৩৮)। তাঁর গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী এলাকায়। তিনি আগ্রাবাদের সিডিএ এলাকায় বসবাস করেন।নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে নগর পুলিশের যানবাহন শাখার একটি চালান বই খোয়া যায়। ওই বইয়ের রসিদ দিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিলেন ইমরান। মঙ্গলবার সকালে একটি পিকআপের মালিক খোয়া যাওয়া চালান বইয়ের রসিদ নিয়ে আমাদের কাছে আসেন। এরপর আমরা কৌশলে ইমরানকে গ্রেপ্তার করি।’ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত বলেন, ইমরান টাইগারপাস ও দেওয়ানহাট মোড়ে বিভিন্ন গাড়ি থামিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। কোনো কোনো গাড়ির বিরুদ্ধে ভুয়া মামলাও ঠুকে দিতেন।