চট্টগ্রামে ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে র্যাবের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া লোকটি র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগী লোকজনের কাছে নিজেকে র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করতেন বলে র্যাব জানিয়েছে। তাঁর নাম মো. হারুন (৩২)। তিনি চান্দাগাঁও থানাধীন বহদ্দারহাটের কবির হাজীবাড়ি এলাকার অস্থায়ী বাসিন্দা। তিনি কুমিল্লা জেলার মৃত আবদুল মোন্নাফের ছেলে। গত শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূর-উজ-জামান প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়া উপজেলার মধ্য বেতাগী এলাকার আবদুল হাফেজ (৮০) একটি অভিযোগ নিয়ে কয়েক দিন আগে চান্দগাঁও ক্যাম্পে আসেন। হাফেজ অভিযোগ দিয়ে ক্যাম্প থেকে বের হওয়ার পর হারুন নিজেকে র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে অভিযোগ সমাধানের মিথ্যা আশ্বাস দেন। হাফেজের কাছ থেকে পাঁচ হাজার টাকাও হাতিয়ে নেন হারুন। নূর-উজ-জামান বলেন, এই অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। ২০১০ সালেও একবার একই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ক্যাম্পের আশপাশের এলাকায় ঘোরাফেরা করেন এবং অভিযোগ দিতে আসা লোকজনকে ফাঁদে ফেলে প্রতারণা করেন।