চট্টগ্রামে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত শুক্রবার রাতে আরিফুল ইসলাম (২১) নামের এক ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার তাঁকে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। আরিফুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর ‘লেফটেন্যান্ট’ ও বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সহকারী পরিচালক বলে পরিচয় দিয়ে আসছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, আরিফুলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার সরজগঞ্জ এলাকায়। গত বুধবার পরিচয়পত্র হারিয়ে যাওয়ার কথা বলে তিনি পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি নিজেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ও আর্টিলারি সেন্টার ও স্কুলের লেফটেন্যান্ট এবং এসএসএফের সহকারী পরিচালক বলে পরিচয় দেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘জিডির সূত্র ধরে খোঁজখবর নেওয়া শুরু করি। পরে সন্দেহ হলে গত শুক্রবার রাতে তাঁকে থানায় ডেকে আনা হয়। এরপর আরিফের মুঠোফোন থেকে তাঁর মা মোসাম্মৎ আরিফা খাতুনের সঙ্গে কথা বলে জানা যায়, আরিফ চট্টগ্রামে পড়াশোনা করছেন।’ পুলিশ সূত্র জানায়, আরিফ নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করেন।