চট্টগ্রামে ভূমি উন্নয়ন কর মেলা শুরু
ভূমি কার্যালয় ও এর সেবা সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা ও হয়রানি দূর করতে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন কর (খাজনা) মেলা। এ ধরনের মেলা দেশে এটাই প্রথম বলে জানিয়েছেন আয়োজকেরা। মেলায় ভূমির মালিকেরা খুব সহজে কর পরিশোধ ও নামজারি করাসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পাবেন।
গতকাল বুধবার সকালে নগরের ষোলশহর এলাকায় চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয়ে এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয় আয়োজিত এ মেলায় এই সার্কেলের আওতাধীন তিনটি ভূমি কার্যালয়ের ১৯টি মৌজার ভূমি মালিকেরা সেবা পাবেন।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার মো. মোকছেদুর রহমান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল জলিল ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নোমান হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভূমি কার্যালয়গুলো সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নেতিবাচক ধারণা রয়েছে। অনেকেই এসব কার্যালয়ে এসে হয়রানির শিকার হন। ফলে তাঁরা নিয়মিত কর পরিশোধ করতে আগ্রহ পান না। সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয় নামজারি করাতে গিয়ে। সাধারণ ভূমি মালিকদের হয়রানির হাত থেকে মুক্তি দিতে এবং তাঁরা যাতে সহজভাবে ভূমিসংক্রান্ত সেবা পান, সে জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার মো. মোকছেদুর রহমান বলেন, নিয়মিত কর আদায় করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। সাধারণ মানুষকে ভূমি কর দিতে উদ্বুদ্ধ করার জন্য এ মেলা খুবই সহায়ক হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে এই ধরনের মেলা এটাই প্রথম। আয়কর মেলার মতো এই মেলাও জনপ্রিয় হবে বলে আশা করছি। শিগগিরই দেশের অন্যান্য স্থানেও এ ধরনের মেলার আয়োজন করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুবুল আলম নামের এক ভূমির মালিক জমির নামজারি করাতে তাঁর হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন। তবে মেলায় এসে খুব সহজে সেবা পাওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জানানো হয়, মেলা শেষে চান্দগাঁও সার্কেলের তিনটি কার্যালয়ের নয়জন সর্বোচ্চ ভূমি করদাতাকে সম্মানিত করা হবে। এ ছাড়া সেরা সেবাদান ও কর আদায়কারী ভূমি কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হবে।
প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে। কাল শুক্রবার মেলার শেষ দিন।