চট্টগ্রামে ভূমিকম্পে হেলে পড়া ১২ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে চট্টগ্রাম নগরে হেলে পড়া তিনতলা একটি ভবন এক মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। দেড় মাস পরও ভবনটি ভাঙা হয়নি। সেখানে চলছে ব্যবসায়িক কার্যক্রম। হেলে পড়া আরও ছয়টি ভবনের ওপরের দিকের বিভিন্ন ফ্লোর (তলা) থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলা এবং ওই তলাগুলো সাময়িকভাবে সিলগালা করে দেওয়ারও নির্দেশ দিয়েছিল সিডিএ। মানা হয়নি সে নির্দেশও।
গত ৫ মে সিডিএ চট্টগ্রামের স্থানীয় একটি দৈনিকে ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে তিনতলা ওই ভবনসহ ভূমিকম্পে হেলে পড়া ও ক্ষতিগ্রস্ত আরও ১১টি ভবনের জন্য জন্য কী করণীয় সে-সংক্রান্ত নির্দেশও জারি করে। কিন্তু কোনো নির্দেশের বাস্তবায়ন হয়নি।
গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পে নগরের হেলে পড়া ভবনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষকসহ পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে সিডিএ। কমিটির সদস্যরা ১৮ ও ১৯ এপ্রিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নগরের ১২টি ভবন পরিদর্শন করেন। এর মধ্যে আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে পাঁচটি, বাণিজ্যিক ভবন ছয়টি এবং আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে একটি ভবন। বিশেষজ্ঞ কমিটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১২টি ভবনের মধ্যে একটি ভেঙে ফেলার সুপারিশ করে। বাকি ১১টি ভবনের জন্য আরেকটি সমীক্ষা (ভূমিকম্পজনিত ঝুঁকির মূল্যায়ন) করার সুপারিশ করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কিংবা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) দিয়ে এ সমীক্ষা করতে বলা হয়।
সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্দেশ অনুযায়ী এনায়েত বাজারের তিনতলা ভবনটি এখনো ভেঙে ফেলা হয়নি। একজন ভবনমালিকও ভূমিকম্পজনিত ঝুঁকির মূল্যায়ন প্রতিবেদন জমা দেননি। তাঁরা ভবনের ঝুঁকিপূর্ণ ফ্লোরগুলোও খালি করেননি।
কমিটির প্রতিবেদনে হেলে পড়া ১১টি ভবনের মধ্যে হালিশহর বি ব্লকের নির্মাণাধীন সাততলা ভবনের সব কটি ফ্লোর খালি করা, নিউর্মাকেট এলাকার নয়তলা মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের ওপরের ছয়টি তলা, চান্দগাঁও আবাসিক এলাকার ছয়তলাবিশিষ্ট শিরিন নিকেতনের পঞ্চম ও ষষ্ঠতলা, আতুরার ডিপোর মীর পাড়ার পাঁচতলাবিশিষ্ট আয়েশা টাওয়ারের চতুর্থ ও পঞ্চম তলা, ওয়াসা মোড়ের নয়তলাবিশিষ্ট মীম হাসনাত টাওয়ারের চতুর্থ থেকে নয়তলা এবং এর পাশের ছয়তলা ভবন আল-আমিন টাওয়ারের ষষ্ঠতলা থেকে সব বাসিন্দা ও মালামাল সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরেজমিনে ও ভবনমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চান্দগাঁওয়ের শিরিন নিকেতনের চতুর্থ ও পঞ্চমতলা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অন্যগুলো আগের মতোই আছে।
চুয়েটের সাবেক উপাচার্য ও বিশেষজ্ঞ কমিটির প্রধান জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ভবনের ঝুঁকিপূর্ণ ফ্লোরগুলো অবশ্যই খালি করে দেওয়া উচিত ছিল। এখন দুর্ঘটনা ঘটলে তার দায় সিডিএ ও ভবনমালিকেরা এড়াতে পারবেন না।
এ বিষয়ে সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর প্রত্যেক মালিককে আলাদাভাবে নোটিশ না দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভবনমালিকেরা নিজ উদ্যোগে ঝুঁকিপূর্ণ ফ্লোরগুলো খালি না করলে সিডিএ করবে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, নগরের এনায়েত বাজারের তিনতলা ভবনের নিচতলায় ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। দোতলায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় খোলা রয়েছে। এই তলার এক পাশে বাসা রয়েছে। তিনতলা খালি আছে। এ ভবনটি পাশের পাঁচতলা ভবনের দিকে হেলে পড়েছে।
দুই ভাড়াটে ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ভবনমালিক দোকান ছেড়ে দিতে নোটিশ দিয়েছেন। ভবনের মালিকপক্ষের একজন জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ঈদের পরেই ভবনটি ভেঙে ফেলা হবে।
নগরের নিউমার্কেট এলাকার মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে সরেজমিনে দেখা যায়, মার্কেটের চার থেকে নয়তলা পর্যন্ত প্রায় দেড় শটি কক্ষে নিউমার্কেট এলাকার বিভিন্ন বিপণিবিতানের অন্তত পাঁচ শ ব্যবসায়ী ও কর্মচারী থাকেন। প্রায় দেড় শ বর্গফুট আয়তনের একেকটি কক্ষে তিন-চারজন করে থাকেন।
মার্কেটের পঞ্চম তলার ভাড়াটে কাপড় ব্যবসায়ী মোহাম্মদ নাছির বলেন, মার্কেট খালি করে দেওয়ার বিষয়টি তাঁদের জানানো হয়নি। তাই কক্ষ ছেড়ে দেননি। সাহেদুল আলম ও মোহাম্মদ লিমন নামের দুই ভাড়াটে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে শুনেছি।’
মুক্তিযোদ্ধা সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম বলেন, সমীক্ষা করার জন্য চুয়েটের বিআরটিসি বরাবর আড়াই লাখ টাকা জমা দেওয়া হয়েছে। তাঁরা ভবনটি পরিদর্শন করেছেন। এখনো প্রতিবেদন দেয়নি।
নগরের আতুরার ডিপোর মীরপাড়া এলাকায় আয়েশা টাওয়ারের ভবনমালিক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘আমার ভবন ঝুঁকিপূর্ণ নয়। তাই ফ্লোরগুলো খালি করা হয়নি।’ সমীক্ষা প্রতিবেদনের জমা না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি তিন-চার দিন আগে বিদেশ থেকে এসেছি। একটু খোঁজখবর নিই।’
চুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ছয়জন ভবনমালিক ভবনের সমীক্ষা করার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে ভবনগুলো পরিদর্শন করা হয়েছে। ঈদের পরই তাঁদের প্রতিবেদন দেওয়া হবে।