চট্টগ্রামে ভোট উৎসব, শঙ্কাও আছে
কিছুটা চাপা আতঙ্ক থাকলেও উৎসাহেরও কমতি নেই। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরে ভোট উৎসব। ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন ভোটার নির্ধারণ করবেন কে হচ্ছেন নগরপিতা। বেছে নেবেন নগরের মেয়র ও কাউন্সিলরদের।
মেয়র পদে প্রার্থী ১২ জন। তবে শেষ পর্যন্ত মূল লড়াই হবে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের (কমলালেবু) সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিনের (হাতি মার্কা)।
আগ্রহ আর শঙ্কার মিশ্র আবহে প্রায় পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ বেশ কয়েকটি দল অংশ না নেওয়ায় এ নির্বাচন নিয়ে লোকজনের আগ্রহ রয়েছে। তবে নির্বাচনের আগে গ্রেপ্তার, নেতা-কর্মীদের বাড়িতে পুলিশের অভিযান ও নগরে বহিরাগত সন্ত্রাসীদের উপস্থিতির অভিযোগ এনেছে নাছিরের প্রতিপক্ষ। কঠোর নিরাপত্তার কথা বারবার বলা হলেও ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে সব ভোটারের শঙ্কা দূর হয়নি। গতকাল সোমবার সন্ধ্যায়ও লালখানবাজার এলাকার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত দুজন কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।
নির্বাচনে ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২১৬ জন এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬২ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬০ বর্গমাইল আয়তনের চট্টগ্রাম নগরের ৭১৯টি ভোটকেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চট্টগ্রাম মহানগর পুলিশ ৫৯৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়েছে।
নির্বাচনে প্রধান দুই মেয়র পদপ্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে নাছির যেখানে উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলছেন, মনজুর গুরুত্ব দিয়েছেন অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশের ওপর।
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকালও জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন দামপাড়ায় গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ঘর ছেড়ে বেরিয়ে আসুন। আপনাদের আশ্বাস দিচ্ছি, পছন্দের প্রার্থীকে ভোট দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেবে।’
নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল গতকাল তাঁর দপ্তরে প্রথম আলোকে জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় র্যা ব, বিজিবি ও পুলিশের টহল থাকছে। ভ্রাম্যমাণ আদালতও কাজ করবেন। এত নিরাপত্তার মধ্যে বহিরাগত লোকজন ভোটকেন্দ্রের আশপাশে ঘেঁষার সাহস পাবে না। নগরবাসী নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিতে পারবেন।
কঠোর নিরাপত্তা: নির্বাচন উপলক্ষে নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২১ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। কাজ করছেন ২৪টি ভ্রাম্যমাণ আদালত। ভোটারদের নিরাপত্তা দিতে ও বেআইনি কর্মকাণ্ড দমনে ১৩৬ জন ম্যাজিস্ট্রেটও মাঠে থাকছেন।
নগর পুলিশ সূত্র জানায়, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৪ জন সদস্য দায়িত্বে থাকবেন। তবে যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেখানে পুলিশের সাতজন সদস্য, দাঙ্গা পুলিশের তিনজন, আনসার ব্যাটালিয়নের সদস্য তিনজন, দুজন অস্ত্রধারী আনসার সদস্য এবং লাঠি হাতে আরও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া র্যা বের ৮২টি টহল দলে ৮২০ জন এবং বিজিবির ৬০টি টহল দলে ৬০০ জন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন। চট্টগ্রাম সেনানিবাস, দামপাড়া ও হালিশহরে সেনাবাহিনীর এক ব্যাটালিয়ন সৈন্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় নেমে আসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ৭১৯টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার পাঠানো হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের ৭১৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৯০৬ জন সহকারী প্রিসাইডিং ও ৯ হাজার ৮১২ জন পোলিং কর্মকর্তার দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নাকচ: নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নগরে বহিরাগতদের ২৫ এপ্রিল রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ছাড়ার কথা। তবে মন্ত্রী, সাংসদ, সংসদীয় কমিটির সভাপতিসহ দলের কেন্দ্রীয় কমিটির অনেক নেতা চট্টগ্রামে রয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল হাসানাত আবদুল্লাহ ও দলের যুগ্ম সম্পাদক দিপু মনি। নাম উদ্ধৃত না হয়ে নগর আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে দিপু মনির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। পরে তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। আর আবুল হাসানাত আবদুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের তল্লাশি ও বহিরাগত সন্ত্রাসীদের ভয়ভীতির কারণে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির নেতারা। তাঁদের অভিযোগ, গত কয়েক রাতে দলের নেতা-কর্মীদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ইপিজেড এলাকার অনেক ভোটার চলে গেছেন। তাঁদের পক্ষে জাল ভোট দিতে তিন পার্বত্য জেলা থেকে বিপুলসংখ্যক নারীকে গতকাল সন্ধ্যায় ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে আনা হয়েছে।
তবে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার দল সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ভোটকেন্দ্র দখল ও জাল ভোটের গুজব ছড়াচ্ছে। গুজবে কান দিয়ে নির্বিঘ্নে নগরবাসী কেন্দ্রে গিয়ে ভোট দিন। ভোটকে উৎসবে পরিণত করুন।’
ফেনীর একজন আওয়ামী লীগ নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, জেলার একজন সাংসদের অনুগত তিন থেকে চার হাজার যুবক চট্টগ্রামে রয়েছেন। ওই সাংসদও চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করছেন।
এ বিষয়ে নগর আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জনগণ যাঁকে পছন্দ করবে তিনি মেয়র হবেন। সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক, আওয়ামী লীগের ভাবমূর্তি বাড়বে। কিন্তু বহিরাগত লোকজনের উপস্থিতি কাম্য হতে পারে না।
ক্যাম্প ভাঙচুর: ওয়াসা মোড়ে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্প গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাঙচুর করা হয়েছে। দুই প্রার্থী হলেন আবুল হাশেম ও আবদুল হালিম। দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। খুলশী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী গত রাতে প্রথম আলোকে জানান, ক্যাম্প ভাঙচুরের জন্য প্রার্থীর সমর্থকেরা বর্তমান কাউন্সিলরের সমর্থকদের দায়ী করেছেন। তবে এ ব্যাপারে রাত নয়টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনে প্রার্থী এ এফ কবির আহমদ মানিক হামলার সঙ্গে তাঁর সমর্থকদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দুবারের কাউন্সিলর। ক্যাম্প ভেঙে ভোট পাওয়া যায় না। আর আমি এ ধরনের সস্তা রাজনীতিও করি না।