চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা হালনাগাদ-সংক্রান্ত একটি সভা গতকাল রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন ভোটার তালিকা হালনাগাদ-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বিদ্যমান ভোটার তালিকায় চট্টগ্রাম অঞ্চলে নারীদের অন্তর্ভুক্তি কম বলে উল্লেখ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, ভোটার তালিকায় নারীরা কেন কম অন্তর্ভুক্ত হচ্ছেন তার কারণ খুঁজে ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসকেরা এ ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের দিয়ে ঘরে ঘরে প্রচারপত্র পাঠানোর ব্যবস্থা করতে পারেন। নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি বলেন, কোনোভাবেই রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কাজ করলে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না।
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।