চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত সরালেন দুটি বিলবোর্ড
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার বড় আকারের দুটি অবৈধ বিলবোর্ড সরিয়ে নিয়েছেন। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এই আদালতের নেতৃত্ব দেন।
গতকাল নগরের মোমিন রোড ও ডা. খাস্তগীর স্কুলের পাশ থেকে দুটি বিলবোর্ড সরিয়ে নেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। ভাড়া করা ট্রাকে করে বিলবোর্ডের সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘আমরা বড় আকারের দুটি বিলবোর্ড সরিয়ে নিয়েছি। এ কারণে অনেক সময় লেগেছে। আগামী সপ্তাহে আমাদের কার্যক্রম আবার শুরু হবে।’
চট্টগ্রামে সিটি করপোরেশনের জায়গায় বৈধ বিলবোর্ডের সংখ্যা আট হাজার ৪৫১টি। আর পাঁচটি সরকারি সংস্থা এবং সিটি করপোরেশনের অবৈধ বিলবোর্ড রয়েছে আরও আট শতাধিক। নাগরিক আন্দোলনের মুখে ধীরগতিতে বিলবোর্ড উচ্ছেদের কার্যক্রম চলছে। সরকার ও বিরোধী দলের যুব ও ছাত্রনেতারা বিলবোর্ডের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।