দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন এ দেশের প্রায় এক কোটি অভিবাসী। বিদেশে গিয়ে অভিবাসী ব্যক্তিরা যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে অভিবাসন-প্রক্রিয়াকে আরও সহজ, হয়রানি বন্ধ ও অভিবাসন ব্যয় কমাতে হবে। বেসরকারি সংগঠনগুলো এসব কাজে সরকারকে সহায়তা করবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের চেরাগী মোড়ের সুপ্রভাত স্টুডিও হলে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলোর মোর্চা ‘বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম’ এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ আনোয়ারা আলম। বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ও ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসী অধিকার ফোরামের উপদেষ্টা সৈয়দ সাইফুল হক। স্বাগত বক্তব্য দেন ফোরামের সভাপতি নাজমুল আহসান।
নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জ ও এগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে সভায় আলোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন তাঁরা। বক্তারা বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানো গেলে রেমিট্যান্স বাড়বে, শ্রমিকের মর্যাদাও প্রতিষ্ঠিত হবে।