চট্টগ্রামে মত্স্য প্রক্রিয়াজাত কারখানায় আগুন, পুড়ে গেছে মাছ ও যন্ত্রপাতি
চট্টগ্রামে গত বৃহস্পতিবার রাতে দুটি কারখানা পুড়ে গেছে। এর মধ্যে সাগরিকা রোডের বিডি সি ফুড নামে একটি মত্স্য প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। আগুনে কারখানাটির পাঁচ কর্মকর্তা-কর্মচারী আহত হন। আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চন্দনপুরার এসকে ওয়াশিং প্লান্টে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুনে বিডি সি ফুডের ৩৫০ টন রপ্তানিযোগ্য মাছ, প্রকল্পের দুটি প্লান্ট, এয়ার কুলার ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, নগরের সাগরিকা রোডে বিডি ফুড সি ফুডের তিনতলা ভবনের কারখানায় রাত পৌনে ১০টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি সাড়ে চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিডি ফুড লিমিটেডের প্রকৌশলী মো. আরিফ ও মো. ইছহাক, মো. সরওয়ার, মো. বেলায়েত ও অজ্ঞাত একজন আহত হন। শেষ তিনজন কারখানার শ্রমিক। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে কারখানার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা মো. মামুনুর রশীদ দাবি করেন, ‘আমাদের ৩৫০ টন মাছ ছাড়াও পুরো প্লান্ট পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’ এদিকে নগরের চন্দনপুরায় সাফা আর্কেডের পেছনে এসকে ওয়াশিং নামের একটি কারখানায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানায়। জানা গেছে, ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আধা ঘণ্টা চেষ্টা করে শিমুল বড়ুয়ার এ কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।