অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা ও খাওয়ার অনুপযোগী মিষ্টান্ন দোকানে রাখায় চট্টগ্রামে মিষ্টি তৈরি ও বিপণনকারী প্রতিষ্ঠান মধুবনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম কাজী মো. আবদুর রহমানের নেতৃত্বাধীন আদালত এ দণ্ডাদেশ দেন।অভিযানকালে নির্বাহী হাকিম অপরিচ্ছন্ন পরিবেশে বাসি শিরায় (চিনির দ্রবণ) মিষ্টি তৈরি করে রাখতে দেখেন। এ কারণে তিন টিন পোড়া তেল, মিষ্টি তৈরির বিপুল পরিমাণ শিরা এবং ৫৫ কেজি চমচম নর্দমায় ফেলে দেওয়া হয়।কাজী মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ভেতরের পরিবেশ এতটাই দুর্গন্ধযুক্ত ছিল যে সেখানে ঢোকাই যাচ্ছিল না। অভিযান চলাকালে কারখানার পরিচালক ও তাঁদের দায়িত্বশীল লোকজন উপস্থিত ছিলেন।সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের ব্যাটারিগলিতে অবস্থিত মধুবনের কারখানায় গিয়ে দেখা যায়, কয়েক দিন আগের বাসি ও পচা মিষ্টি শিরার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের খাদ্যমান পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সেখানে পোড়া তেল দিয়ে মিষ্টি তৈরি করা হচ্ছিল। তিনি বলেন, অভিযান চলাকালে কারখানার পরিচালকেরা বাসি শিরা রাখার বিষয়টি স্বীকার করেন।অভিযান শেষে মধুবনকে সিটি করপোরেশন আইনে পাঁচ হাজার টাকা এবং বিশুদ্ধ খাদ্য আইনে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।