মেয়র পদে মোহাম্মদ মনজুর আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ২০-দলীয় জোট। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের মেহেদীবাগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে জোট নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনজুর আলম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করছেন। চট্টগ্রাম বিএনপি গত বৃহস্পতিবার মেয়র পদে তাঁকে আনুষ্ঠানিক সমর্থন দেয়। শুক্রবার তিনি চট্টগ্রাম সিটি মেয়রের পদ থেকে পদত্যাগ করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, আগামী সিটি করপোরেশন নির্বাচনে ২০-দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। মেয়র পদপ্রার্থী মনজুর আলমকে জোট সমর্থন দিয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনের মাঠ আমাদের জন্য সমান করা হয়নি। কিন্তু নির্বাচনে যাওয়াও আমাদের একটি আন্দোলন। নির্বাচন কমিশন, প্রশাসনের কী ভূমিকা সেটা জাতি দেখবে। তার পরিপ্রেক্ষিতে আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপট কী হয় সেটাও নির্ধারণ হবে। এই নির্বাচনেই প্রমাণিত হবে মানুষ সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে।’
গতকালের বৈঠকে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বিজেপির নুর মোহাম্মদ, এলডিপির দোস্ত মোহাম্মদ, জাগপার আবু মোজাফফর মোহাম্মদ আনাস প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল ২০-দলীয় জোটের স্থানীয় নেতাদের বৈঠকের পর মেহেদীবাগে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের কার্যালয় উদ্বোধন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, আবু সুফিয়ানসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
মনজুরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ: বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে নাগরিক কমিটি। গতকাল বিকেলে চট্টগ্রামে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে নাগরিক কমিটির কো-চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমুদ্দিন চৌধুরী স্বাক্ষরিত লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন নাগরিক কমিটি ব্যানারে মেয়র পদে নির্বাচন করছেন।
নাগরিক কমিটি অভিযোগ করেছে, বিধি অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত তারিখের ২১ দিন আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। অথচ মনজুর আলম ২৬ মার্চ দেওয়ানহাটে তাঁর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন। এ ধরনের কর্মকাণ্ড বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
নঈমুদ্দিন চৌধুরী জানান, বিধি ভেঙে মনজুর আলম নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন। এটি গণমাধ্যমেও প্রচার হয়েছে।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
তবে মনজুর আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ সম্পর্কে এখনো কিছু শুনিনি। স্বাধীনতা দিবসে আমার বাণিজ্যিক কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম। তা ছাড়া তখনো আমি মেয়র পদে মনোনয়নপত্র নিইনি। গতকাল মনোনয়নপত্র নিয়েছি, আইন অনুযায়ী নির্ধারিত সময়ে প্রচারণা শুরু করব।’