চট্টগ্রামে মনোনয়নপত্র নিয়েছেন পাঁচ সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চট্টগ্রামে পাঁচ সাংসদসহ ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা কার্যালয় থেকে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মঙ্গলবার দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাউজানের বর্তমান আওয়ামী লীগদলীয় সাংসদ ফজলে করিম, আনোয়ারা থেকে সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের এম এ লতিফ, চট্টগ্রাম-৯ আসনের নুরুল ইসলাম বিএসসি ও হাটহাজারী আসনে জাতীয় পার্টির (জাপা) নেতা আনিসুল ইসলাম মাহমুদ।
এ ছাড়া নতুন নিবন্ধিত দল বিএনএফের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন কোতোয়ালি আসন থেকে মনোনয়ন নিয়েছেন। একই আসনে নগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল আলম দোভাষও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগের পেয়ারুল ইসলাম ও মাহমুদ হাছান, চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান ও তাঁর ভাই মুহাম্মদ জিল্লুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-৬ থেকে ফজলে করিমের পাশাপাশি আওয়ামী লীগের ইকরামুল কবির নামের আরও একজন মনোনয়নপত্র নেন।
অন্যদিকে চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী থেকে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম মনোনয়নপত্র নিয়েছেন। চট্টগ্রাম ১১ থেকে জাতীয় পার্টির মোরশেদ মুরাদ ইব্রাহিম, চট্টগ্রাম-১২ আসনে জাপার নুরুছফা সরকার, চট্টগ্রাম-১৩ আসনে জাপার তপন চক্রবর্ত্তী মনোনয়নপত্র সংগ্রহ করেন। চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের দেলোয়ার হোসেন।