মন্ত্রীর সই জাল করে চট্টগ্রামে বাসা বরাদ্দ দিয়েছেন রেলওয়ের একজন কর্মচারী। এতে ওই কর্মচারীর বাবা সহযোগিতা করেছেন বলে অভিযোগ ওঠে। একই কায়দায় আরেক কর্মচারী মন্ত্রীর সই জাল করে বাসা বরাদ্দ নিতে আবেদন করলে ঘটনাটি ফাঁস হয়। রেলওয়ে সূত্র জানায়, মোহাম্মদ রবিউল হোসেন নামের রেলওয়ে পূর্বাঞ্চলের জুনিয়র নিরীক্ষক বাসা বরাদ্দের জন্য কর্তৃপক্ষের কাছে গত বছরের ২০ মে আবেদন করেন। এতে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সুপারিশ নেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। মন্ত্রী ৩০ আগস্ট আবেদনে সুপারিশ করেন। এটি আসলে মন্ত্রীর সুপারিশ নয় বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত হয়। তত দিনে রবিউল নতুন বাসায় উঠে যান। রেলের দায়িত্বশীল সূত্র জানায়, আরিফুল ইসলাম নামের রেলের আরেক কর্মচারী গত ২০ সেপ্টেম্বর বাসা বরাদ্দের জন্য আবেদন করেন। তিনিও আবেদনপত্রে পরিবেশ ও বনমন্ত্রীর অনুরূপ সুপারিশ নেন বলে উল্লেখ রয়েছে। পরে তা যাচাই করে আরিফুলের আবেদন আটকে দেওয়া হয়। জানতে চাইলে সহকারী প্রধান পরিচলন কর্মকর্তা মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আরিফুলের আবেদনে মন্ত্রী মহোদয়ের সুপারিশ ও সই রয়েছে। এই সই যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি তা জাল। এ কারণে আরিফুলের আবেদনটি আটকে দেওয়া হয়। অথচ একই কায়দায় সই ও সুপারিশ নিয়ে মোহাম্মদ রবিউল হোসেন নামের একজন জুনিয়র অডিটর বাসা বরাদ্দ নিয়েছেন। আরিফুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি বাসা বরাদ্দের জন্য আবেদন করেছিলাম। রেলের শ্রমিক নেতারা মন্ত্রীর সই জাল করে আমার আবেদন জমা দেন। এতে সমস্যা দেখা দিয়েছে। যেখানে সমস্যা, সেখানে আমি নেই। আর এই দায় আমার নয়।’ রবিউল হোসেনের বাবা মোখলেছুর রহমান রেলের সাবেক কর্মচারী। ছেলের বাসা বরাদ্দ নিতে তিনি ভূমিকা রাখেন বলে জানা গেছে। মন্ত্রীর সই জাল করা প্রসঙ্গে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো মন্ত্রী ছেলের বাসা বরাদ্দের আবেদনে সুপারিশ করেছেন কি না, তা আমার জানা নেই। তবে ছেলের জন্য বাসা নিতে আমি চেষ্টা করেছিলাম। বাসা পেয়েছিও। কিন্তু মন্ত্রীর জাল সই নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা রেল কর্তৃপক্ষ যাচাই করে আইনগত ব্যবস্থা নিতে পারে।’