চট্টগ্রামে মলম পার্টি সক্রিয়
‘সামনে একটি খালি সিএনজি অটোরিকশা থাকে। পেছনের অটোরিকশায় দলের তিনজন সদস্য থাকে। লক্ষ্য থাকে সামনের অটোরিকশায় একক যাত্রী তোলার। কম ভাড়ায়ও তোলা হয়। কিছু দূর যেতে না-যেতেই সামনের অটোরিকশা নষ্ট হয়েছে বলে থামিয়ে দেওয়া হয়। এরই মধ্যে পেছনের অটোরিকশা থেকে মলম পার্টির তিন সদস্য নেমে ছুরি দেখিয়ে যাত্রীর সর্বস্ব কেড়ে নেয়। পরে চোখে মরিচের গুঁড়া মেশানো মলম লাগিয়ে নির্জন স্থানে নামিয়ে দেওয়া হয় যাত্রীকে।’
মলম পার্টির সদস্য আইনুল হক ওরফে আনু খাঁ গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এভাবেই ছিনতাইয়ের বর্ণনা দেন বলে জানান হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির। এমনকি গ্রেপ্তার হওয়ার পর তাঁরা পুলিশকে প্রকৃত নাম গোপন করে ছদ্ম নাম বলেন, যাতে সহজেই তাঁদের শনাক্ত করা না যায়। ঈদুল আজহা সামনে রেখে ১১ জনের দল জেলার হাতিয়া, কুমিল্লা, বাগেরহাট ও ভোলা থেকে চট্টগ্রামে আসে। গত ঈদের সময়ও তাঁরা এভাবে ছিনতাই করে গ্রামের বাড়িতে চলে যান। দলের অন্যতম সদস্য দ্বীন ইসলাম, জাকির, আসাদ ও মানিক পলাতক রয়েছেন।
গ্রেপ্তার হওয়া মলম পার্টির সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে জানান, মলম পার্টির দলে ১১ জন সদস্য রয়েছেন। তাঁদের দলনেতা শফিক ও হাসেম। দলনেতা মাঠে না নামলে কোনো সদস্য ছিনতাইয়ে নামেন না। দলের সদস্য খলিল ও দ্বীন ইসলাম বয়স্ক হওয়ায় তাঁরা সিএনজি অটোরিকশা মালিকদের কাছ থেকে ভাড়া নেন। পরে ওই অটোরিকশা ব্যবহার করা হয় ছিনতাইয়ের কাজে। গত ঈদে তাঁরা নগরের গরিব উল্লাহ মাজার, জিইসি মোড়, সাগরিকা রোড, ডবলমুরিং, বন্দর, হালিশহর এলাকায় প্রায় ২০টি ছিনতাই করেন যাত্রীদের মলম লাগিয়ে।
হালিশহর বড়পোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মলম পার্টির ছয় সদস্যকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন হাসেম (৩২), ফেরদৌস (৩২), হাছান (২৮), আইনুল হক (২৮), ইমরানুল হক (৩২) ও আবদুল জলিল (৪৫)। এ সময় তাঁদের কাছ থেকে মরিচের গুঁড়া, মলম মেশানো মরিচের গুঁড়া, ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। শফিকের বাড়ি বাগেরহাটে, হাসেমের কুমিল্লায়, জলিলের ভোলায়, ইমরানের হাতিয়ায়, আইনুল ও দ্বীন ইসলামের কুমিল্লায়। তাঁরা বন্দরনগরে ছিনতাই করে গ্রামের বাড়িতে পালিয়ে যান; সহজে পুলিশ যাতে ধরতে না পারে। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নগরের সাগরিকা, বিবিরহাটসহ ছোট-বড় বাজারগুলোকে লক্ষ্য করে কয়েক দিন আগে তাঁরা চট্টগ্রামে আসেন। গরুর ব্যাপারী ও ক্রেতা-বিক্রেতার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।
তাঁদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান হালিশহর থানার ওসি শাহজাহান কবির। তিনি জানান, আইনুল হকের প্রকৃত নাম আনু খাঁ, জাকিরের নাম কালু, হাসানের নাম খালেক। অন্য থানায় থাকা মামলাগুলো সম্পর্কে পুলিশের চোখে ধুলা দিতে তাঁরা প্রকৃত নাম গোপন করে আসছেন।