চট্টগ্রামে মলম পার্টির সাত সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে লুণ্ঠিত মালামাল এবং ছিনতাইয়ের কাজে ব্যবহূত দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই মলম পার্টির সদস্য বলে পুলিশ দাবি করেছে। ছিনতাইয়ের কবলে পড়া স্থানীয় একজন সাংবাদিকের ল্যাপটপ, মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই সাংবাদিকের ছিনতাই হওয়া ল্যাপটপের ক্রেতা ইমরান হোসেনকে (২৭) নোয়াখালীর মাইজদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে শহরতলীর কাট্টলী থেকে দলনেতা আমির হোসেনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ও আগের দিন মঙ্গলবার নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ আরও ছয়জনকে গ্রেপ্তার করে। পরে মাইজদী থেকে গ্রেপ্তার করা হয় ল্যাপটপের ক্রেতা ইমরানকে। তিনি মাত্র ১৩ হাজার টাকায় ল্যাপটপটি কেনেন। মলম পার্টির সদস্যরা সবাই নোয়াখালীর বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, আমির হোসেন মাসখানেক চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পান। গ্রেপ্তার হওয়া আরেকজন সাহাবউদ্দিন (৩০) চার মাস আগে জামিনে বেরিয়ে আসেন। মলম পার্টির অন্য পাঁচ সদস্য হলেন হলেন: মেরাজ উদ্দিন (৩৮), মোহাম্মদ কাশেম (৩৫), আবু ছিদ্দিক (৩৫), মোহাম্মদ মোশাররফ (৩৫) ও মো. বাকের হোসেন (২৫)।আসামিদের কাছ থেকে স্থানীয় সাংবাদিক রিয়াজ হায়দারের খোয়া যাওয়া একটি ল্যাপটপ, সাতটি মুঠোফোন, একুশে টিভির মাইক্রোফোন এবং মলম পার্টির সদস্যদের ব্যবহূত দুটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর তিনি খুলশি এলাকায় ছিনতাইয়ের শিকার হন। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম সাংবাদিকদের বলেন, আমির হোসেন ইতিপূর্বে দুবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। প্রায় এক মাস আগে জামিনে বেরিয়ে তিনি একাধিক ছিনতাইয়ের নেতৃত্ব দেন। তিনি সহযোগীদের নিয়ে একুশে টিভি চ্যানেলের স্থানীয় সাংবাদিকের ল্যাপটপ, মুঠোফোন ও নগদ টাকা ছিনতাই করেন। পুলিশ সূত্র জানায়, নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মলম পার্টির নেতা আমির হোসেনকে কাট্টলী থেকে গ্রেপ্তার করেন। আমির সাংবাদিকের মালামাল ছিনতাই করার কথা স্বীকার করে সহযোগীদের ব্যাপারে পুলিশকে তথ্য দেন। এরপরই গোয়েন্দা পুলিশ নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে। মলম পার্টির দলনেতা আমির হোসেন গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘আমি দুবার কারাভোগ করেছি। কয়েকজন সহযোগী নিয়ে সাংবাদিকের ল্যাপটপ ও মোবাইল ফোনসেট ছিনতাই করি।’ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দাবি করেন, মেরাজ উদ্দিন প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নিজেই অটোরিকশা চালান। দুপুর থেকে রাত পর্যন্ত ছিনতাইকারীদের কাছে গাড়ি ভাড়া দিয়ে তিনি মোটা অঙ্কের টাকা পান। মাঝেমধ্যে তিনি নিজেও ছিনতাইয়ে নেতৃত্ব দেন। তবে মেরাজ দাবি করেন, ‘আমি বেশি ভাড়া পাওয়ার আশায় তাদের কাছে গাড়ি ভাড়া দিয়েছিলাম। ওরা যাত্রী পরিবহন করে নাকি ছিনতাই করে, তা জানি না।’গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।