চট্টগ্রামে মশা মারায় টাকাই খরচ হয়, সুফল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমে থাকা পানিতে মশা। সম্প্রতি চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবন এলাকায়।  ছবি:  সৌরভ দাশ
জমে থাকা পানিতে মশা। সম্প্রতি চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবন এলাকায়। ছবি: সৌরভ দাশ

মশা মারতে বছরে কোটি টাকার বেশি খরচ করে চট্টগ্রাম সিটি করপোরেশন। কেনা হয় নতুন যন্ত্রপাতিও। কিন্তু এর সুফল পাচ্ছে না নগরবাসী। প্রতিবছরই মশার যন্ত্রণায় নাকাল হতে হয় তাদের।

দক্ষ ও পর্যাপ্ত জনবলের অভাব এবং মশানিধনে সমন্বিত ব্যবস্থাপনা অনুসরণ না করায় মশার উপদ্রব থামছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় কার্যত নিষ্ক্রিয় সিটি করপোরেশনের ম্যালেরিয়া ও মশকনিধন শাখা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের তথ্য অনুযায়ী, গত ৪ বছরে মশকনিধন কর্মসূচিতে ৪ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় করা হয়। এই টাকা দিয়ে অ্যাডাল্টিসাইড (উড়ন্ত বা পূর্ণবয়স্ক মশা মারার ওষুধ), লার্ভিসাইড (মশার শূককীট নিধনে ব্যবহৃত) ও ফগার মেশিন কেনা হয়েছে।

কাউন্সিলরদের ভাষ্য, শুষ্ক মৌসুমে মশার বিস্তার বাড়লেও নিধনের ক্ষেত্রে করপোরেশনের খুব একটা তৎপরতা ছিল না। ওষুধের মজুত থাকলেও পূর্ণবয়স্ক মশা মারার কার্যক্রম এক মাস ধরে একপ্রকার বন্ধ রাখে সিটি করপোরেশন। পরে কাউন্সিলরদের অনুরোধে চলতি সপ্তাহে ওষুধ ছিটানো শুরু করে পরিচ্ছন্নতা বিভাগ।

চলতি বছরে ডেঙ্গুতে চট্টগ্রামে মারা গেছে ছয়জন। দেড় হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। ২০১৭ সালে ১৭৭ জন ও ২০১৮ সালে ৭২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়।

টাকাই খরচ হয়, কামড় থেকে মুক্তি নেই

পরিচ্ছন্নতা বিভাগের তথ্য অনুযায়ী, মশকনিধন কর্মসূচিতে ৪ বছরে ৪ কোটি ১০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে মাত্র একবার লার্ভিসাইড ও দুবার অ্যাডাল্টিসাইড কিনেছে করপোরেশন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সেনা কল্যাণ সংস্থা থেকে ৯০০ টাকা করে ১০ হাজার লিটার (৯০ লাখ টাকা) লার্ভিসাইড কেনা হয়। এখন মজুত আছে ১ হাজার ৩৬০ লিটার।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে এবং ২০১৯ সালের মে মাসে ২৫ হাজার করে মোট ৫০ হাজার লিটার অ্যাডাল্টিসাইড ক্রয় করে করপোরেশন। এতে ব্যয় হয় ২ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে মজুত রয়েছে ১২ হাজার ৪৮৬ লিটার। 

মশা মারার ওষুধের মজুত শেষ হয়ে এলেও নতুন করে কেনার প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে জানা গেছে। ২ লাখ ২৮ হাজার টাকা করে ৫০টি ফগার মেশিন কিনতে ব্যয় হয় ১ কোটি ১৪ লাখ টাকা। ২০১৬ সালে কেনা এসব মেশিনের অন্তত সাতটি নষ্ট অবস্থায় পড়ে আছে।

সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীর ভাষ্য, মশার উপদ্রব হ্রাস করতে তাঁদের চেষ্টার কমতি নেই। প্রকোপ কমাতে প্রতিবছরই ওষুধ ছিটানো হয়। 

নিষ্ক্রিয় ম্যালেরিয়া ও মশকনিধন শাখা

পরিচ্ছন্নতা বিভাগের অধীনে ম্যালেরিয়া ও মশকনিধন শাখা থাকলেও তার কোনো কার্যক্রম নেই। এই শাখার অধীনে একজন ম্যালেরিয়া ও মশকনিধন কর্মকর্তা এবং ছয়জন কীট সংগ্রহকারীর পদ রয়েছে। কিন্তু এক যুগ ধরে এসব পদ শূন্য। ফলে দক্ষ ও অভিজ্ঞ জনবল ছাড়াই চলছে মশা মারার কার্যক্রম।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের আয়তন ও জনসংখ্যার অনুপাতে কী পরিমাণ মশার ওষুধ লাগবে তার কোনো ধারণা কিংবা হিসাব পরিচ্ছন্নতা বিভাগের নেই। ওষুধ কেনার ক্ষেত্রে কোনো ধরনের সমীক্ষা বা প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করা হয়নি। ইচ্ছা অনুযায়ী ওষুধ কেনা হয়।

মশকনিধন কর্মসূচির পরিপূর্ণ বাস্তবায়নে ম্যালেরিয়া ও মশক কর্মকর্তা, কীটতত্ত্ববিদের প্রয়োজন রয়েছে বলে স্বীকার করেছেন উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী। কর্মকর্তা না থাকায় এখন একটা ধারণার ওপর ভিত্তি করে ওষুধ কেনেন বলে জানান তিনি। 

 পূর্ণবয়স্ক মশা মারতে আগ্রহ কম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বহদ্দারহাট, কাপ্তাই রাস্তার মাথা, মৌলভি পুকুরপাড়, বাকলিয়া, চকবাজার, মেয়র গলি, শুলকবহর, মুরাদপুর, ষোলশহর, দক্ষিণ মধ্যম হালিশহরের ১ নং সাইটপাড়া, নিশ্চিন্তেপাড়া, মাইজপাড়া, বাকের আলীপাড়া, আনন্দবাজার, পাহাড়তলী, উত্তর কাট্টলীর ঈশান মহাজনপাড়াসহ বিভিন্ন এলাকায় মশার উৎপাত বেড়েছে। 

মশার উৎপাতের ব্যাপারে বিভিন্ন এলাকার অন্তত ২০ জন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা প্রথম আলোকে বলেন, মশার কামড়ে স্বাভাবিক কাজ করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু মশা মারতে করপোরেশনের লোকজনের দেখা নেই। ঘরে মশা নিয়ন্ত্রণের জন্য কয়েল, অ্যারোসল, র‍্যাকেট কিনতে এখন তাঁদের বাড়তি খরচ হচ্ছে।

করপোরেশনের মোহরা, চান্দগাঁও, বাগমনিরাম, চকবাজার, আন্দরকিল্লা, পশ্চিম ষোলশহর ও শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তাঁরা সবাই স্বীকার করেছেন, পূর্ণবয়স্ক মশা মারার ওষুধ ছিটানো বেশ কিছুদিন বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। তবে মশার শূককীট নিধনের জন্য লার্ভিসাইড নিয়মিত ছিটানো হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ওষুধের কোনো সংকট নেই। ওষুধ ছিটিয়ে মশকনিধন করা যাবে না। এ জন্য মশার উৎপত্তিস্থল ধ্বংস করার বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ধোঁয়া হয় বলে অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তাঁদের বাড়িতে অ্যাডাল্টিসাইড ওষুধ ছিটাতে দেন না।

তবে শীতের মৌসুমে উপদ্রব বেড়ে যাওয়ার কারণে করপোরেশনের ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরের তত্ত্বাবধানে আবার মশার ওষুধ ছিটানো হচ্ছে বলে জানান মেয়র।

মশা নিয়ন্ত্রণ বা নিধনে সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করেন ডেঙ্গু ও ম্যালেরিয়া গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মশা যাতে জন্মাতে না পারে, সে জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার লার্ভা ধ্বংসে কীটনাশক ছিটানো, উড়ন্ত বা পূর্ণবয়স্ক মশানিধনে ধোঁয়া মারা (ফগিং করা) এবং জৈবিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করতে হবে।। প্রথম তিনটি কাজ অবশ্যই একসঙ্গে চালাতে হবে। এর মধ্যে কোনো একটি করা না হলে মশানিধন সম্ভব নয়।