চট্টগ্রামে মহা-অষ্টমীতে কুমারীপূজা উদ্যাপিত
কুমারীপূজা, পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যারাতে আরতি পূজার মধ্য দিয়ে গতকাল সোমবার চট্টগ্রামে উদ্যাপিত হলো শারদীয় দুর্গোৎসবের মহা-অষ্টমী। কুমারীপূজা উপলক্ষে গতকাল সকাল থেকে পূজারি ও ভক্তরা ভিড় করেন নগরের পাথরঘাটার হরিশ চন্দ্র মুন্সেফ লেনের মাতৃমন্দিরে। চট্টগ্রামের একমাত্র সেখানেই কুমারীপূজা উদ্যাপিত হয়। কুমারীপূজা দেখতে এই মণ্ডপে শিশু-নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল। দুপুর ১২টায় মন্দিরের পুরোহিত শ্যামল সাধু মহন্ত মহারাজের পরিচালনায় ফুল দিয়ে সাজানো বিশেষ আসনে একজন কুমারীকে বসিয়ে পূজা করা হয়। এবারের কুমারী নির্বাচিত হয় কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শ্রীপর্ণা দে। হিন্দু শাস্ত্রমতে, শারদীয় দুর্গোৎসবের মহা-অষ্টমীর দিনে মানবকল্যাণের জন্য পাঁচ থেকে ১২ বছর বয়সী সনাতনী ধর্মের মেয়েকে কুমারীপূজা করা হয়। এতে পূজিত হওয়া কুমারীও জ্ঞানী, লক্ষ্মী ও দীর্ঘায়ু হয়। নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় প্রতীমা দেখতে আসা কলেজশিক্ষার্থী মৌসুমী ধর বলেন, ‘পূজা এলেই সব বন্ধু-বান্ধব এক হতে পারি। সবার সঙ্গে দেখা হয়। এবার ঈদ আর পূজা একসঙ্গে হওয়ায় আরও বেশি মজা হয়েছে। আর বন্ধুদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দেখাটা কখনোই মিস যায় না।’ আজ মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথি।