চট্টগ্রামে মহান একুশে পালন
যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে মহান একুশে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে অর্থাৎ গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে দিবসের সূচনা করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন কাউন্সিলরদের নিয়ে বেদিতে ফুল দেন। এর আগে পুলিশের একটি চৌকস দল শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করে।
‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। অনেকে একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ গেয়ে শহীদ মিনারের দিকে যান। গতকাল রাত সাড়ে ১১টার পরই সিনেমা প্যালেস, লাভ লেইন থেকে বোস ব্রাদার্স; আন্দরকিল্লা থেকে লালদীঘি মাঠ এলাকায় লোকে লোকারণ্য হয়ে ওঠে। সব বয়সের নারী-পুরুষ হাজির হয় শহীদ মিনার এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীও ছিল খুব তৎপর। সিনেমা প্যালেস দিয়ে সাধারণ নাগরিকেরা শহীদ মিনারের দিকে ঢুকতে পেরেছে আর বের হয়েছে রাইফেল ক্লাব এলাকা দিয়ে। অন্য সব পথ বন্ধ করে দেওয়া হয়।
গতকাল রাতে মন্ত্রী মোশাররফ হোসেন ফুল দিয়ে বেরিয়ে যাওয়ার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে দলীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহীদ মিনারে ফুল দেন। তাঁরা চলে যাওয়ার পর সরকারি পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।