চট্টগ্রামে মহাসড়ক যানজটমুক্ত রাখবে ২৬৩ জন পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরের চারদিকের মহাসড়ক ও সড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ২৬৩ জন পুলিশ মোতায়েন করা হচ্ছে। কাল শনিবার থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাবেন। ঘরমুখী মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম জেলা ও হাইওয়ে পুলিশ সম্প্রতি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-কাপ্তাই, চট্টগ্রাম-রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক এবং মহাসড়কের চট্টগ্রাম অংশে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। যান চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো নিষিদ্ধ করেছে পুলিশ। এ সময় কোনো গাড়ি সড়কের পাশে রাখা যাবে না। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোকতার হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলের সদস্যদের সঙ্গে আমরা যৌথভাবে দায়িত্ব পালন করব, যাতে দ্রুতগতিতে যাত্রীবাহী বাস ও পশুবাহী ট্রাক গন্তব্যে পৌঁছাতে পারে। শনিবার থেকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশের সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।’ মোকতার হোসেন আরও বলেন, ‘পুলিশের কোনো সদস্য পশুবাহী গাড়ি থামানোর চেষ্টা করলে তার নিস্তার নেই। অভিযোগ পাওয়ার পরই ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ, পশুবাহী ট্রাক থামানো হলে মহাসড়কে যানজট সৃষ্টির আশঙ্কা থাকে। তাই ভুক্তভোগীরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অভিযোগ দিতে পারবে।’পুলিশ সূত্র জানায়, ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কায় গত ঈদুল ফিতরের আগে ট্রাক চলাচল কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়। এ কারণে ওই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তীব্র হয়নি। পুলিশ সূত্র আরও জানায়, এবার মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাও সরিয়ে দেওয়া হবে, যা যানজটের কারণ বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন।