চট্টগ্রামে মহিউদ্দিনের খুনিদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দিনের হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম পুলিশ। এ মামলার তদন্তকাজে সার্বিক সহায়তা দিতে গতকাল শনিবার থেকে পুলিশের দুইজন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মর্যাদার কর্মকর্তাসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মনিরুজ্জামান বলেন, খুনিদের ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুলিশ বা সাধারণ মানুষের যিনিই তথ্য দিতে পারবেন, তাঁকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তাঁদের নাম-পরিচয়ও গোপন রাখা হবে। পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গত শুক্রবার রাতে চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) রেস্টহাউসে স্থানীয় পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্র মহিউদ্দিন হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। বৈঠক সূত্র জানায়, প্রতিমন্ত্রী নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডল, জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ, রেলওয়ের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারকে মহিউদ্দিন হত্যাকারীদের ধরতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। এ চার কর্মকর্তার কাজের তদারকির দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রামের ডিআইজি এম আসাদুজ্জমান ও নগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানকে।গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞানের ছাত্র মহিউদ্দিন নৃশংসভাবে খুন হন।