চট্টগ্রামে মহিউদ্দিনের বাসার দুই পরিচারিকা নিখোঁজ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসার দুই পরিচারিকাকে গত ১৫ মে থেকে পাওয়া যাচ্ছে না। তাদের নাম রেহেনা (১২) ও শিউলী (১৪)। এ ঘটনায় পুলিশ গত শুক্রবার রাতে স্বপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্র জানায়, স্বপনের সঙ্গে রেহেনা ও শিউলীর আগে থেকে যোগাযোগ ছিল। এ দুই কিশোরী নারী পাচারকারী চক্রের খপ্পরে পড়তে পারে। এ চক্রের সঙ্গে স্বপনের যোগসাজশ থাকতে পারে।গতকাল শনিবার স্বপনকে আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগ গুরুতর উল্লেখ করে এ বিষয়ে দ্রুত প্রতিবেদন দাখিল করতে পাঁচলাইশ থানার পুলিশকে নির্দেশ দেন।পুলিশ সূত্র জানায়, দুই গৃহপরিচারিকার নিখোঁজ হওয়ার ঘটনায় ১৫ মে রাতে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর দুই মেয়েকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।পুলিশ সূত্র আরও জানায়, স্বপন নারী পাচারকারী ও দেহব্যবসার সঙ্গে জড়িত চক্রের সদস্য বলে গতকাল শনিবার আদালতে একটি প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত অভিযোগটি গুরুতর ও স্পর্শকাতর উল্লেখ করে পাঁচলাইশ থানার পুলিশকে আরেকটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদেশের অনুলিপি নগর পুলিশের কমিশনার, উপকমিশনার (উত্তর) ও পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনারের কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত।