চট্টগ্রামে মা-মেয়ে খুনের ঘটনায় দুজনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসায় ঢুকে নৃশংসভাবে মা ও মেয়েকে খুনের ঘটনায় উত্ত্যক্তকারী যুবক আবু রায়হান ও তাঁর সহযোগী মোহাম্মদ শহীদসহ দুজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আদালত আগামী ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

মহানগর সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। তাঁদের আইনজীবী নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক তা নাকচ করে দেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় দিনদুপুরে ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তাঁর মা রিজিয়া খাতুন (৫০) খুন করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে সায়মার বাবা রেজাউল করিম বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় আবু রায়হানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পরে পুলিশ আসামি আবু রায়হান ও তাঁর সহযোগী শহীদকে গ্রেপ্তার করে। ২৫ মে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডবলমুরিং থানার পুলিশ। মামলায় ৩৭ জন সাক্ষী রয়েছে।