চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকার একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে খুন করা হয়েছে। তাঁরা হলেন রিজিয়া খাতুন (৪৫) ও ফাহিমা (১৮)। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্বজন ও হাসপাতাল সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

হাসপাতালে রিজিয়া খাতুনের বড় ছেলে সাইদ রেজা জানিয়েছেন, আজ সকাল পৌনে ১০টার দিকে তিনি ও তাঁর বাবা রেজাউল করিম বাসা থেকে অফিসে যান। সাড়ে ১০টার দিকে খবর পান তাঁর মা ও বোনকে কে বা কারা কুপিয়ে জখম করেছে। প্রতিবেশীরা উদ্ধার করে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ খবর শোনার পর রেজাউল করিম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইদ রেজার ভাষ্য, রায়হান নামের এক তরুণ দীর্ঘদিন ধরে তাঁর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই ছেলেই এ ঘটনা ঘটিয়েছেন বলে তাঁদের ধারণা।