চট্টগ্রামে মাছ ধরার ট্রলার আটক
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে মাছ ধরার একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। গত সোমবার দিবাগত রাতে কর্ণফুলী নদীর বোয়ালখালী এলাকায় এটি আটক করা হয়।
আটক ট্রলারটির নাম এফবি সি-হারভেস্ট। এটি কাঠের তৈরি। ট্রলারটি গভীর সাগরে মাছ ধরার উপযোগী।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন,
‘ট্রলারটির নিবন্ধন, আমদানি কিংবা রাজস্ব পরিশোধের কোনো নথিপত্র পাওয়া যায়নি। এটি থাইল্যান্ড থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
কোস্টগার্ড সূত্র জানায়, কাঠের তৈরি বিশাল ট্রলারটির দাম তিন কোটি ২০ লাখ ট্রলারটি কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
সামুদ্রিক মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মানুযায়ী ট্রলার আমদানি বা তৈরির জন্য মৎস্য অধিদপ্তরের পূর্ব অনুমতি থাকতে হয়। তবে কাঠের তৈরি ট্রলার আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ।