চট্টগ্রামে মাটির দেয়াল ধসে দুই সন্তানসহ মায়ের মৃত্যু
মাটির দেয়াল ধসে দুই সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও দুজন। বুধবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের দ্বীপ কালার মোড়ল গ্রামে এ ঘটনা ঘটেছে। দেয়ালচাপায় মারা গেছে হাসিনা বেগম (৩০), তাঁর মেয়ে সাথি আক্তার (৫) ও ছেলে সোহেল (২)। আহত হয়েছে গৃহকর্তা শাহজাহান চৌধুরী (৩৫) ও তাঁর বড় মেয়ে সাবিনা আক্তার (৯)। সাবিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনমজুর শাহজাহান জানান, রাত আটটার দিকে ভাত খেয়ে তাঁরা সবাই ঘুমিয়ে পড়েন। এদিন ছিল প্রবল বৃষ্টি। বৃষ্টিতে টিনের চালও যেন মানছিল না। হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। জেগে দেখেন তাঁদের গায়ের ওপর কী একটা যেন পড়েছে। দাঁড়াতে চাইলেও পারছিলেন না। পরে বুঝতে পারেন, ঘরের মাটির দেয়াল তাঁদের ওপর ভেঙে পড়েছে। এতে চাপা পড়ে তাঁর স্ত্রী ও সন্তানেরা চিৎকার করছে। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে। কিন্তু এরই মধ্যে তাঁর ছোট ছেলে-মেয়ে দুটি মারা যায়। পরে ভোররাতের দিকে মারা যান তাঁর স্ত্রীও। সরেজমিনে দেখা গেছে, শিকলবাহা ইউনিয়নের দ্বীপ কালার মোড়ল গ্রামের চৌধুরীপাড়াটি খালের পাড় ঘেঁষে অবস্থিত। গত ২০ বছরে খালটি ভাঙতে ভাঙতে গ্রামের অনেক অংশ বিলীন হয়ে গেছে। দিনমজুর শাহজাহানের বসতঘরের অর্ধেকটাও তলিয়ে গেছে আগেই। বাকি ছিল শুধু খালের সঙ্গে লাগোয়া তাঁর ঘরের একটি মাটির দেয়াল। সেখানে দেয়াল ও তার ওপর টিনের ছাউনি দিয়ে ঘর বেঁধে পরিবার নিয়ে কোনোমতে বাস করছিলেন শাহজাহান। শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, গ্রামটির অন্তত ১০ হাজার লোক খালের ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এই ভাঙনের কারণে শাহজাহানের ঘরের দেয়াল ভেঙে পড়েছে। কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া বলেন, প্রবল বৃষ্টিতে মাটির দেয়াল ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দেয়ালচাপায় শিশুর মৃত্যু : উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মাঙ্গালাপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার মাটির দেয়াল চাপায় নুরুজ্জামান রুবেল (১০) নামের এক শিশু মারা গেছে। নুরুজ্জামানের বাবার নাম নুরুল ইসলাম। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী বলেন, গত তিন দিনের প্রবল বর্ষণে দেয়ালচাপায় নুরুজ্জামান মারা যাওয়ার পাশাপাশি বিভিন্ন কাঁচা রাস্তা, মাটির ঘর, পানের বরজসহ বিভিন্ন ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া এই ইউনিয়নের বেশ কয়েকটি চিংড়িঘের ডুবে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।একই পরিবারের চারজন আহত: রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দরাজারপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার মাটির ঘর ধসে একই পরিবারের চারজন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, ভারী বর্ষণের সময় গতকাল সকাল ১০টার দিকে বন্দরাজারপাড়া গ্রামের মো. ইলিয়াছের দ্বিতল মাটির ঘরটি ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে মো. ইলিয়াছ, তাঁর বাবা আবদুল জলিল, স্ত্রী মর্জিনা আকতার ও আট বছরের শিশু তিন্নি আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। লালানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।