চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল ও যানবাহনের সংকটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল। ৫০ লাখ মানুষের বন্দরনগরে মাদকের বিস্তার রোধে কাজ করছেন মাত্র ২৮ জন কর্মকর্তা-কর্মচারী। গাড়ি মাত্র একটি। আবার কর্মকর্তাদের বেশির ভাগ ব্যস্ত থাকেন দেশের অন্য জেলায় মামলার হাজিরা দিতে।তাই অভিযানের জন্য অন্য বাহিনীর সহায়তার ওপর নির্ভর করতে হয় অধিদপ্তরের কর্মকর্তাদের। সময়মতো অন্য বাহিনীর সহায়তা না পেলে কখনো কখনো আবার অভিযান থেকে খালি হাতে ফিরতে হয়।অধিদপ্তর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরনগরে ছয়টি সার্কেলে মেট্রো উপ-অঞ্চলের কার্যক্রম পরিচালিত হয়। এগুলো হলো কোতোয়ালি, পাঁচলাইশ, বন্দর, চান্দগাঁও, পাহাড়তলী ও ডবলমুরিং। ছয়টি সার্কেলে ছয়জন পরিদর্শক থাকলেও তিন উপপরিদর্শকের পদই খালি।জানা গেছে, মেট্রো উপ-অঞ্চলে তত্ত্বাবধায়ক পরিচালক আছেন তিনজন। তাঁদের মধ্যে দুজন মসের বেশির ভাগ সময় থাকেন অন্য জেলায়। তাঁদের একজন সিদ্বেশর টেলি (৫৬)।সিদ্বেশর টেলি প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে যোগদানের আগে আমি যশোর ও খুলনায় কর্মরত ছিলাম। সেখানে প্রায় ৫০০ মামলায় আমি বাদী ও তদন্তকারী কর্মকর্তা। এসব মামলায় হাজিরা দিতে গত সেপ্টেম্বরে ১৮ দিন এবং অক্টোবরে প্রায় ২০ দিন চট্টগ্রামের বাইরে ছিলাম।’মাসের বেশির ভাগ সময় চট্টগ্রামের বাইরে থাকার বিষয়ে সিদ্বেশর বলেন, ‘এই বয়সে শরীরে এত চাপ সহ্য হয় না। সব সময় মামলা নিয়ে ব্যস্ত থাকায় চট্টগ্রামে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ক্ষতিগ্রস্ত হয়।’অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কাজ হলো মাদকদ্রব্য উদ্ধার, আমদানি করা রাসায়নিক পণ্যের সনদ (লাইসেন্স) প্রদান, মাদকাসক্তি নিয়াময় কেন্দ্র পর্যবেক্ষণ (মনিটরিং), গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, শিল্প ও গবেষণাকাজে ব্যবহূত মাদকদ্রব্যের সনদ প্রদান মামলা করা এবং মামলার তদন্ত ও সাক্ষী দেওয়া।চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘ইচ্ছা থাকলেও পর্যাপ্ত জনবল ও যানবাহনের অভাবে অনেক সময় অভিযান পরিচালনা সম্ভব হয় না। অভিযানে সহায়তার জন্য পুলিশ বা অন্য বাহিনীর ওপর নির্ভর করতে হয়। এত বড় নগরে এভাবে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ সত্যিই কষ্টসাধ্য।’চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক খুশি মোহন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘শূন্য পদগুলো পূরণের জন্য লিখিতভাবে ঢাকায় জানানো হয়েছে।’