চট্টগ্রামে মাদকমুক্তির সভায় পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা
চট্টগ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় ‘আসুন মাদকমুক্ত থাকি’ শীর্ষক পরামর্শ-সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকে তাঁদের স্বজনদের মাদকাসক্তি থেকে মুক্তির জন্য বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চান। তাঁদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, স্নেহ-মমতা ও ভালোবাসা দিয়ে আসক্ত ব্যক্তিদের মাদক থেকে ফেরাতে হবে।প্রথম আলোর উদ্যোগে নগরের প্রেসক্লাব মিলনায়তনে এই পরামর্শ-সহায়তা সভা হয়। মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে এবং সচেতন করতে এর আগে সকালে নগরের সেন্ট প্লাসিড স্কুলে আরেকটি অনুষ্ঠান হয়। এখানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী মাদক নিয়ে বিশেষজ্ঞদের কাছে তাদের নানা প্রশ্ন তুলে ধরে। শিক্ষার্থীরা দুই হাত তুলে মাদককে ‘না’ বলে মাদকমুক্ত থাকার শপথ নেয়। মনোরোগবিদ মুহিত কামাল, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সেন্ট প্লাসিড স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার নির্মল প্লাসিড গোমেজ, মো. মোস্তফা, আহমেদ হেলাল ও ফরিদা ইয়াসমিন এসব পরামর্শ সভায় বক্তব্য দেন। অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন বন্ধুসভা কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। অনুষ্ঠান দুটির সহযোগী আয়োজক ছিল বন্ধুসভা। পরামর্শ সভায় বক্তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের পরিবার থেকে সহযোগিতা করা না হলে তারা কোনো দিন মাদকের থাবা থেকে বের হতে পারবে না। ব্যক্তিত্ব প্রকাশের জন্য অনেকে মাদক গ্রহণ করে। কিন্তু মাদকের মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে না।