চট্টগ্রামে মাদকসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে গতকাল সোমবার ও আগের দিন রোববার মাদকসহ চার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—দেলোয়ার হোসেন (২৮), নূরুল হুদা (৩৩), ছেনোয়ারা বেগম (৩০) ও মো. নুরুল আলম (৪৮)। গতকাল সোমবার নগরের পাহাড়তলী থানার সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও ৮৩০ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার ও চালক নূরুল হুদাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট পুকুরের পূর্বপাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ছেনোয়ারাকে গ্রেপ্তার করে র‌্যাব। একই দিন নগরের বাকলিয়া থানার হ্যাচারি কার্যালয়সংলগ্ন এলাকা থেকে ১০১ পুরিয়া গাঁজাসহ নূরুল আলমকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, এঁরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া র‌্যাব গতকাল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশিতা ট্রেনের একটি বগির বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।এ ছাড়া গতকাল পতেঙ্গায় অভিযান চালিয়ে মো. আজিজুল হাকিম (৩২) ও মো. শরিফুল ইসলাম (২৫) নামে দুজন আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।