চট্টগ্রামে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র সিলগালা
চট্টগ্রাম নগরের হালিশহর বউবাজার এলাকায় একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইফ কেয়ার নামে ওই প্রতিষ্ঠানের ছয় কর্মচারীকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল রোববার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
লাইফ কেয়ার নামে এই প্রতিষ্ঠানটি মাদকদ্রব্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়া চলছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল হক পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হালিশহর থানায় মামলা করেছে।
ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানান, লাইসেন্স ছাড়া দুটি ছোট কক্ষ নিয়ে এই নিরাময়কেন্দ্র চালানো হচ্ছিল। সেখানে গাদাগাদি করে ৪০ জন রোগী রাখা হয়। প্রতিষ্ঠানটি বন্ধ করার পাশাপাশি ছয় কর্মচারীকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোগীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।