চট্টগ্রামে মাদকের মামলায় মাকে ছেলের জেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে মাকে জেরা করেছেন ছেলে। এ মামলায় মা বাদী এবং ছেলে আসামি।সূত্র জানায়, চট্টগ্রাম নগরের মোগলটুলির বাসিন্দা ফাতেমা বেগম তাঁর ছেলে মো. এমরান হোসেনের বিরুদ্ধে ২০১০ সালের ২১ জুন মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এর আগের দিন এমরান নেশা করার জন্য মায়ের কাছে টাকা চেয়ে পাননি। এ কারণে এমরান সেদিন তাঁর মাকে মারধর করেন।সূত্র জানায়, গতকাল ওই মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন ফাতেমা। তিনি নেশায় জড়িয়ে পড়া ছেলের নানা নির্যাতনের কাহিনি আদালতে বর্ণনা করেন। ফাতেমা বলেন, ভালো পথে ফিরে আসতে ছেলেকে অসংখ্যবার সতর্ক করেছেন তিনি। পরে এমরান তাঁর মাকে জেরা শুরু করলে আদালতকক্ষে নীরবতা নেমে আসে।ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বের হওয়ার আগ মুহূর্তে কারাবন্দী এমরানের হাতে একটি লুঙ্গি তুলে দেন মা।১২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।উল্লেখ্য, মায়ের করা মামলায় এমরান বর্তমানে চট্টগ্রামের কারাগারে আছেন।