
চট্টগ্রামের লালখানবাজার জমিয়াতুল উলুম আল মাদ্রাসা ঘিরে আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটা থেকে তল্লাশি চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাদ্রাসার সব কক্ষে তল্লাশি চলছিল।
পাঁচলাইশ অঞ্চলের উপপুলিশ কমিশনার (উত্তর) হারুনুর রশিদ বলেন, মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর কক্ষ থেকে আট বোতল অ্যাসিডজাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। এর আগে বিকেলে পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মাদ্রাসার যে কক্ষে সকালে বিস্ফোরণ হয়, সেখান থেকে তিনটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, কক্ষটি থেকে বেশ কিছু বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে মাদ্রাসার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাঁর হাতের পাঁচটি আঙুল উড়ে গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচ শিক্ষার্থী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আহত দুজনকে আটক করেছে।
প্রাথমিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বিস্ফোরণের কারণ হিসেবে আইপিএস বা ইউপিএস বিস্ফোরণের কথা বললেও বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরক দলের তদন্ত শেষে পুলিশ কমিশনার জানান, বিস্ফোরক দ্রব্যের কারণেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ কমিশনার আরও জানান, ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে সফর করবেন। এর আগে মাদ্রাসায় এ ধরনের বিস্ফোরক পাওয়ার ঘটনা উদ্বেগজনক।
বিস্ফোরণে আহত শিক্ষার্থীরা হলেন হাবিবুর রহমান, আবদুল করিম, আবদুল মান্নান, আমান উল্লাহ ও জব্বার। আহত ছাত্রদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে জমিয়াতুল উলুম আল মাদ্রাসার দারুল এবতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক ছাত্রের হাতের পাঁচ আঙুল উড়ে গেছে ও অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া ওই কক্ষের জানালার গ্রিল উড়ে গেছে ও সিলিং ফ্যান বাঁকা হয়ে গেছে। ওই মাদ্রাসার ছাত্র জহিরুল ইসলামের দাবি, সকালে আইপিএস বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে।
এদিকে মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী দাবি করেন, কম্পিউটারের ইউপিএস বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুর রউফ ও উপপুলিশ কমিশনার (উত্তর) হারুনুর রশিদ হাজারী বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুরুতে আহতদের মধ্যে দুজন স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।