চট্টগ্রামে মাদ্রাসায় পুলিশের অভিযান আটক চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন জামায়াত-শিবির নিয়ন্ত্রিত দারুল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করেছে।

গতকাল বুধবার বিকেলে পুলিশ এই অভিযান চালায়। এ সময় পুলিশ মাদ্রাসা থেকে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি-সংবলিত পোস্টার, হেফাজতে ইসলামের প্রচারপত্র, ছয় বোতল পেট্রল, দুই বান্ডিল লোহার রড ও এক বান্ডিল লাঠিসোঁটা জব্দ করেছে।

অভিযানে আটক চারজন হলেন নজরুল ইসলাম (২২), শাহাদাত হোসেন (২০), আরিফ হাসান (১৬), আইয়ুব আলী (২১)। তাঁরা মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। তবে নজরুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে দাবি করেন।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা এবং মঙ্গলবার সুবর্ণ এক্সপ্রেসে আগুন লাগানোর কারণে পুলিশ এই মাদ্রাসায় অভিযান চালায়। গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে পুলিশ পরিচালনা করে। দুই শতাধিক পুলিশ অভিযানে অংশ নেয়। কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।