আলামত পরীক্ষায় পিকরিক অ্যাসিড পেয়েছে সিআইডি
চট্টগ্রামে মাদ্রাসায় বিস্ফোরণ: মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি 'সাজানো নাটক'
চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় অ্যাসিড উদ্ধারের ঘটনার মামলার আলামত পরীক্ষায় ‘পিকরিক অ্যাসিড’ পেয়েছে দাবি সিআইডির ফরেনসিক ল্যাবের।
তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, এটি পুলিশের সাজানো নাটক। ওই অ্যাসিড দিয়ে শক্তিশালী বিস্ফোরক ও হাতবোমা তৈরি করা যায় বলে সিআইডির অভিমত।
চট্টগ্রাম নগরের খুলশী থানায় অ্যাসিড মামলায় আসামি রয়েছেন নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহার।
ঘটনার পর থেকে মুফতি ইজাহার পলাতক রয়েছেন। হারুন ইজাহারকে ঢাকার শাপলা চত্বরের মামলায় রিমান্ডে নিয়েছে টাস্কফোর্স ইন্টারগেশন শেল।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের ফরেনসিক ল্যাবের সহকারী রাসায়নিক পরীক্ষক পিংকু পোদ্দার গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, নগরের খুলশী থানার অ্যাসিড মামলায় আলামত পরীক্ষার জন্য মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই লোকমান হোসেন ফরেনসিক ল্যাবে পাঠান গত ২৮ অক্টোবর আদালতের অনুমতি নিয়ে।
পরীক্ষায় ওই অ্যাসিডে পিকরিক অ্যাসিড পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবের ভারপ্রাপ্ত প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার সাহা ও সহকারী পরীক্ষক পিংকু পোদ্দার স্বাক্ষরিত আলামত পরীক্ষার প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
পিংকু পোদ্দার আরও বলেন, পিকরিক অ্যাসিড দিয়ে শক্তিশালী বিস্ফোরক ও হাতবোমা তৈরি করা যাবে।
আসামি মুফতি ইজাহার ও হারুন ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, এটি সরকারের সাজানো নাটক। রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মিথ্যা মামলা দায়ের করেছে।
লালখান বাজার মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য নিতে গতকাল দুপুরে মাদ্রাসায় গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা জানান, হুজুর (মুফতি ইজাহার) না থাকায় হাটহাজারী মাদ্রাসার পরিচালক শাহ আহমদ শফী হুজুরের নির্দেশে মাদ্রাসার শিক্ষকেরা পরিচালনা করছেন।
আহমদ শফীর সঙ্গে কথা বলে তাঁর ব্যক্তিগত সহকারী মাওলানা মনির আহমদ প্রথম আলোকে বলেন, ‘এটি সরকারের সাজানো নাটক। মাদ্রাসায় অ্যাসিড থাকার প্রশ্নই আসে না। কওমি আলেমদের হয়রানি করতে এমনটি করা হচ্ছে বলে আমাদের ধারণা।’
গত ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। ঘটনার পরদিন মারা যান আসামি হাবিব, পরদিন মারা যান জোবায়ের।
সর্বশেষ মারা যান নুরনবী। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ খুলশী থানায়।