চট্টগ্রামে মাধ্যমিক ও মাদ্রাসার বইয়ের সংকট এখনো কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বইয়ের সংকট এখনো কাটেনি। আসেনি মাদ্রাসা বোর্ডের সপ্তম ও অষ্টম শ্রেণীর বইও। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এবং বিদ্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। নতুন বইয়ের অভাবে পুরোনো বই দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিনের মধ্যেই বইয়ের সংকট কেটে যাবে বলে আশা করছি। এ ছাড়া বাকি বইগুলো চলতি মাসের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া যাবে।’
২ জানুয়ারি সারা দেশের মতো চট্টগ্রামেও বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর বই বিতরণ করা হয়। কিন্তু এর পরও নগরের ছয় থানা এবং ১৪ উপজেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ের সংকট রয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালি থানায় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সপ্তম শ্রেণীর চারু ও কারুকলা, নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং মাদ্রাসার সপ্তম ও অষ্টম শ্রেণীর কোনো বই আসেনি। ডবলমুরিং থানায় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা এবং মাদ্রাসার অষ্টম শ্রেণীর বই; পাঁচলাইশ থানায় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিষ্টধর্ম, সপ্তম শ্রেণীর বাংলা ও ইংরেজি, অষ্টম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা, নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিষ্টধর্ম এবং মাদ্রাসার সপ্তম ও অষ্টম শ্রেণীর; বন্দর থানায় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং মাদ্রাসার সপ্তম ও অষ্টম শ্রেণীর; চান্দগাঁও থানায় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিষ্টধর্ম, চারু ও কারুকলা, সপ্তম শ্রেণীর বাংলা ও ইংরেজি এবং মাদ্রাসার সপ্তম ও অষ্টম শ্রেণীর বই আসেনি।
বই না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী পাঠদানকারী নগরের বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা এখনো হাতে গোনা কয়েকটি বই ছাড়া আর কোনো বই পায়নি বলে অভিযোগ করেছে। ফলে এসব বিদ্যালয়ে পুরোনো বইয়ের মাধ্যমে পাঠদান করা হচ্ছে।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. কাশেম বলেন, ‘আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বাংলা ব্যাকরণ, বাংলা দ্রুত পঠন, ইংরেজি ব্যাকরণ এবং আইসিটি বই ছাড়া নতুন কোনো বই পাইনি। এতে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। আপাতত পুরোনো বই দিয়ে পাঠদান চালাতে হচ্ছে।’
হাটহাজারী উপজেলার ড. শহীদুল্লা একাডেমির প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির হাটহাজারী উপজেলা শাখার সভাপতি শিমুল মহাজন বলেন, ‘আমরা এখনো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণীর চারু ও কারুকলা এবং নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই পাইনি।’
চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য বলেন, ‘আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা, অষ্টম শ্রেণীর দ্রুত পঠন এবং নবম শ্রেণীর বাংলা সাহিত্য বই পাইনি।’