চট্টগ্রামে মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার্থী আশানুরূপ বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মাধ্যমিক স্তর থেকে বিজ্ঞানের শিক্ষার্থী আশানুরূপ বাড়ছে না। গত পাঁচ বছরের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীর পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে পড়াশোনা করলে চাকরিতে কাজের সুযোগ বেশি থাকছে। অন্যদিকে বিজ্ঞানের পাঠক্রমের জটিলতা ও শিক্ষকসংকট ইত্যাদি কারণে মাধ্যমিক থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। বিজ্ঞান শিক্ষার দৈন্যের কারণে দেশে গবেষক ও উদ্ভাবকশূন্য হয়ে পড়ার আশঙ্কার কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান। তিনি বলেন, ‘পড়াশোনা শেষে একটি ভালো ও মানসম্পন্ন কাজের আশা করে শিক্ষার্থীরা। আমাদের দেশে চাকরির বাজারে বিজ্ঞানভিত্তিক শিল্পকারখানার বিকাশ ঘটেনি বলে বিষয়ানুগ কাজের সুযোগ মেলে না।’মশিউর রহমান মনে করেন, বিজ্ঞানভিত্তিক কলকারখানা গড়ার ব্যাপারে সরকার ও শিল্প-উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।পরীক্ষার্থীদের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, প্রতি বছর মোট পরীক্ষার্থী বাড়ার সঙ্গে বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা কিছুটা রকমফের হলেও মানবিক ও বাণিজ্য বিভাগের তুলনায় সে হার ছিল নিম্নমুখী। ২০০৯ সালে মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থী ছিল ৪৮ হাজার ৮৯২ জন। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৪ হাজার ৬৯৬ জন, ২০১১ সালে ৬৩ হাজার ১০৮, ২০১২ সালে ৭০ হাজার ১৩০ এবং ২০১৩ সালে মানবিক ও বাণিজ্যের পরীক্ষার্থী বেড়ে হয়েছে ৭০ হাজার ৪৮৪ জনে।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী কমে যাওয়াকে হালকা করে দেখার সুযোগ নেই। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের জন্য তা হুমকি হয়ে দাঁড়াবে।’পীযূষ দত্তের মতে, পড়াশোনা শেষে চাকরির বাজারে মানবিক ও বাণিজ্যের ছাত্রদের কদর বেশি বলে বেশির ভাগ অভিভাবক ছেলেমেয়েদের বিজ্ঞানের ব্যাপারে নিরুৎসাহিত করেন। এ ছাড়া অন্য দুটি বিভাগের তুলনায় বিজ্ঞানের পাঠক্রম কঠিন বলেও শিক্ষার্থীরা বেশি নম্বর পেয়ে পরীক্ষায় ভালো ফলের আশায় বাণিজ্য ও মানবিক বিভাগকে বেছে নেয়। বিদ্যালয়ে বিজ্ঞানের ভালো শিক্ষক না থাকার কারণেও আবার কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের বিজ্ঞান পড়া হয় না বলে তাঁর ধারণা।