চট্টগ্রামে মানব পাচারকারী দলের তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নগরের মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ভোরে একটি আবাসিক হোটেলে র‌্যাব এ অভিযান চালায়। এ সময় দুজনকে উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন নোয়াখালীর আবুল খায়ের এবং ফেনীর কামরুল ইসলাম ও নুরুল ইসলাম। প্রতারণার মাধ্যমে তাঁরা বিদেশে লোকজন পাঠিয়ে আসছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট, বিমানের টিকিট ও নগদ প্রায় আড়াই লাখ টাকা জব্দ করা হয়। একই সময় র‌্যাব মাসুম বিল্লাহ ও শাহ পরান নামের দুই যুবককে উদ্ধার করে। তাঁদের বাড়ি কুমিল্লার দক্ষিণ সদর গ্রামে বলে জানা গেছে। দুবাই পাঠানোর জন্য তাঁদের মোগলটুলী এলাকার একটি আবাসিক হোটেলে এনে রাখা হয়। র‌্যাব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে অভিযান চালিয়ে মানব পাচারকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাসপোর্ট, টিকিট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।