চট্টগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘুদের ওপর হামলা, খুন ও লুটপাটের বিরুদ্ধে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন হয়।গতকাল মানববন্ধনের আগে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করা হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।গতকালের সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, ‘গত বৃহস্পতিবার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর একটি বিশেষ মহল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সাঈদী যেহেতু জামায়াতের নেতা, তাই এসব ঘটনার পেছনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির জড়িত। ১৯৭১ সালের মতোই এই অরাজকতায় ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষভাবে লক্ষ্য (টার্গেট) করা হয়েছে।’রানা দাশগুপ্ত বলেন, ‘চট্টগ্রামসহ সারা দেশে গত কয়েক দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার খানেক বাড়িঘর ও শতাধিক উপাসনালয় আক্রান্ত হয়েছে। অনেককে জখম করা হয়েছে। হত্যাও করা হয়েছে।’সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের নেতা ইন্দু নন্দন দত্ত, পরিমল কান্তি চৌধুরী, বিজয় লক্ষ্মী দেবী, নিতাই প্রসাদ ঘোষ, শ্যামল পালিত, তাপস হোড়, পরিমল কান্তি চৌধুরী প্রমুখ।