মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ নিয়ে আল-জাজিরা টেলিভিশনের ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ খবর প্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের কর্মীরা অংশ নেন।
মানববন্ধনকারীদের দাবি, ৩ নভেম্বর কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন এক খবরে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা তিন থেকে পাঁচ লাখ বলে উল্লেখ করে। এ ছাড়া খবরে ট্রাইব্যুনালের বিচার নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশে চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম বন্ধের দাবি জানান।
সমাবেশে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আমাদের এই অর্জনের শুরু থেকেই বিরোধিতা করে আসছে কিছু দেশ। স্বাধীনতার এত বছর পর যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তখনো নানা জায়গা থেকে বিরোধিতা হচ্ছে। এই বিচার বানচাল করতে অনেক সংবাদমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে।’
সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি চন্দন দাশ ও চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি সুনীল ধর, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাট্যব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজী, মুক্তিযোদ্ধা শাহ নুরুল আলম, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, কবি ও সাংবাদিক কামরুল হাসান, শিল্পী শাহরিয়ার খালেদ, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান প্রমুখ বক্তব্য দেন।