চট্টগ্রামে মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে না পারলে শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে না। তাই মানবসম্পদ উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের র্যা ডিসন ব্লু হোটেলের মেজবান হলে অনুষ্ঠিত মানবসম্পদ (এইচআর) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাশেদা কে চৌধূরী এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) চট্টগ্রাম চ্যাপ্টার এই সম্মেলনের আয়োজন করে। এতে প্রায় ৩০০ মানবসম্পদ পেশাজীবী অংশ নেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাসেম খান, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির উপাচার্য এ কে এম আজহারুল ইসলাম, সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা সরওয়ার জাহান এবং দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনব্যাপী সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মোশাররফ হোসাইন। মানবসম্পদ-বিষয়ক অধিবেশনগুলোতে আলোচনায় অংশ নেন লিড কনসালট্যান্টের প্রধান নির্বাহী এম জুলফিকার হোসাইন, অধ্যাপক ফরিদ আহমেদ সোবহানী, অধ্যাপক নুরুল আবসার নাহিদ, প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন। আলোচকেরা মানবসম্পদ পেশাজীবীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান।