চট্টগ্রামে মানহানির মামলায় তারেকের বিরুদ্ধে সমন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলামের আদালতে মামলাটি করেন বশির হোসেন নামের এক ব্যক্তি। বাদীর পরিচয়ে বলা হয়েছে, তিনি আওয়ামী পর্যটন লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। এই নিয়ে চট্টগ্রামে তারেক রহমানের বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহ ও তিনটি মানহানিসহ পাঁচটি মামলা হয়েছে।
বাদীর আইনজীবী তপন কুমার দাশ প্রথম আলোকে বলেন, তারেক রহমান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছেন। তাই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে। পরে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেন।