চট্টগ্রামে মানুষ ছুটছে এক বিনোদন কেন্দ্র থেকে আরেকটিতে

ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। বৃহস্পতিবার বিকেল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে লোকজনে আসতে শুরু করে। তবে এক জায়গায় স্থির থাকছেন না কেউ। এই বিনোদনের জায়গা ভালো না লাগলে ঢুঁ মারছেন অন্যখানে।
পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক এমিউজমেন্ট পার্ক, ভাটিয়ারি গলফ ক্লাব, চিড়িয়াখানা, জাম্বুরি মাঠ পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিকেল থেকে উপচে পড়া ভিড় দেখা গেছে।
ফয়’স লেক কনকর্ড এমিউজমেন্ট পার্কের উপ-মহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ জানান, সাধারণত ছুটির দিনগুলোতে পার্কে দেড় হাজারে মতো দর্শনার্থী আসে। তবে আজ তা চার হাজারের কম হবে না। পরিবার পরিজন নিয়ে সকলে ঘুরতে বের হয়েছে।
ফয়’স লেকের বিভিন্ন রাইডে শিশুদের পাশাপাশি তরুণদেরও চড়তে দেখা গেছে। এ ছাড়া হ্রদে ভ্রমণ এবং ফয়’স লেক ওয়াটার ওয়ার্ল্ডেও ছিল মানুষের ভিড়।
স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরতে আসা হালিশহরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘ঈদে দূরে কোথাও যাওয়া হয়নি। তাই কাছের পার্কে চলে এলাম। অনেক মজা করছে ছেলে-মেয়েরা।’

ফয়’স লেক পার্কের পাশে চট্টগ্রাম চিড়িয়াখানায়ও ছিল দর্শনার্থীদের ভিড়। সবচেয়ে বেশি ভিড় ছিল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। সম্প্রতি এই খাঁচায় তিনটি নতুন অতিথি আসে। চিড়িয়াখানাও আজ স্বাভাবিকের চেয়ে বেশি দর্শনার্থী এসেছে।
চিড়িয়াখানার চিকিৎসক শাহাদত হোসেন জানান, আজ বৃহস্পতিবার মোট ৮ হাজার ৮০০ দর্শনার্থী এসেছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে থাকে পাঁচ থেকে ছয় হাজার। আবহাওয়া ভালো থাকলে আগামীকাল (শুক্রবার) ১২ থেকে ১৩ হাজার দর্শনার্থী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
এ ছাড়া নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে ছিল উপচে পড়া ভিড়। সৈকতের দোকানি মো. হারুন জানান, মাঝেমধ্যে বৃষ্টি পড়েছে। তবু লোকজন কম হয়নি। বৃষ্টি না হলে আরও অনেক লোকজন আসত। শুক্রবার লোকজন আরও বেশি হতে পারে।
একইভাবে নগরের কাজীর দেউড়ি শিশু পার্ক, জাম্বুরি মাঠের পার্ক, কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছিল সাধারণ মানুষের ভিড়।