চট্টগ্রামে মানুষের ঢল
চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠান ও শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়েছে নতুন বাংলা বছরকে। প্রচণ্ড গরম উপেক্ষা করে গত বুধবার বর্ষবরণের অনুষ্ঠানগুলোতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। সব বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানগুলো পরিণত হয় উৎসবে।বর্ষবরণ উপলক্ষে নগরে অন্তত অর্ধশতাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও বর্ষবরণের প্রধান অনুষ্ঠান হয় ডিসি হিল, কেন্দ্রীয় রেলভবন (সিআরবি) ও বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় (বাওয়া) মাঠে। বুধবার ভোর থেকেই ডিসি হিল চত্বরে সম্মিলিত পয়লা বৈশাখের অনুষ্ঠানমালা ঘিরে এর আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। র্যাব-পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে ভোর থেকে মানুষ সারিতে দাঁড়িয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। ভোর সাড়ে ছয়টায় ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর রাগসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বাড়ে। রাত সাড়ে ১০টা পর্যন্ত সেখানে মুক্তমঞ্চে হয় নাচ, গান, আবৃত্তি ও নাটক। তবে ডিসি হিলে বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠান শুরু হয় মঙ্গলবার থেকেই। মঙ্গলবার বিকেলে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সমাজবিজ্ঞানী অনুপম সেন, নাট্যব্যক্তিত্ব মাহবুব হাসান ও ওস্তাদ মিহির নন্দীকে সম্মাননা দেয় সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ। সিআরবি এলাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত নববর্ষ বরণের অনুষ্ঠানমালায়ও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।