চট্টগ্রামে মামির বিরুদ্ধে ভাগনে হত্যার অভিযোগ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকায় গতকাল রোববার ভোরে সাব্বির (৭) নামের এক শিশুকে খুন করেছে তার আপন মামি স্বপ্না বেগম। পারিবারিক কলহের জের ধরে প্রতিশোধ হিসেবে শিশুটিকে ঘুম থেকে তুলে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ স্বপ্না বেগমকে গ্রেপ্তার করেছে এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সাব্বিরের মা লুৎফা বেগম সাব্বিরকে নিয়ে তাঁর ভাই রাজমিস্ত্রি অদুদ মিয়ার সঙ্গে গ্রিনভিউ এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। লুৎফা গৃহকর্মীর কাজ করেন। আর তাঁর স্বামী থাকেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সাব্বিরের মাকে স্বপ্না কিছু কাপড় ধোয়ার জন্য বলেন। সাব্বিরের মা বিষয়টি তার ভাইকে জানালে তিনি স্ত্রীকে বকাঝকা ও মারধর করেন। এতে ক্ষুব্ধ স্বপ্না খাওয়া-দাওয়া বন্ধ করে দেন এবং প্রতিশোধ হিসেবে গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সাব্বিরকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
লুৎফা ঘুম থেকে উঠে ভাইয়ের বউয়ের কাছে সাব্বিরের খোঁজ নিলে তিনি কোনো জবাব দিতে পারেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকাবাসী পাশের একটি বাড়ির সামনে সাব্বিরের স্যান্ডেল এবং পরে নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পাহাড়তলী থানার পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং সাব্বিরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সাব্বিরের মা এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, সাব্বিরকে তার মামি স্বপ্না খুন করেছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’