চট্টগ্রামে মারাত্মক শব্দদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বস্বাস্থ্য সংস্থার মানমাত্রা অনুযায়ী শব্দের মাত্রা এক মিনিট ধরে ১০০ ডেসিবেলের বেশি হলে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে। চট্টগ্রামে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সকালে ও দুপুরে শব্দের মাত্রা সর্বোচ্চ পাওয়া গেছে যথাক্রমে ১০১ ও ১০২ ডেসিবেল। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গবেষণার তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য অধ্যাপক এম আলী আশরাফ। ২০১৬-এর ফেব্রুয়ারি, এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে নগরের ৩২টি স্থানের শব্দের মানমাত্রা পরীক্ষা করে প্রতিটি স্থানে শব্দদূষণের প্রমাণ পাওয়া গেছে।

গতকাল রোববার সাদার্ন বিশ্ববিদ্যালয় ও মাসিক দখিনার যৌথ উদ্যোগে এই গবেষণাপত্রটি নিয়ে ‘শব্দদূষণে যাপিত জীবন’ শিরোনামে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গবেষণা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম আলী আশরাফ। প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল মোস্তফা।

প্রবন্ধে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শব্দের পরিমাপ ৮০ ডেসিবেলের বেশি পাওয়া গেছে। যে মাত্রায় মানুষের শ্রবণশক্তি ধীরে ধীরে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ডিজিটাল সাউন্ড লেভেল মিটারের মাধ্যমে চট্টগ্রামের ৩২টি স্থানের শব্দ পরিমাপ করা হয়। এতে দেখা যায় নগরের জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতালের সামনে সকালে ৮৬ দশমিক ৬ ও বিকেলে ৯০ দশমিক ৬ ডেসিবেল পাওয়া যায়। আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে সকালে ৮০ দশমিক ৫ ও বিকেলে ৮১ ডেসিবেল পাওয়া যায়। অথচ হাসপাতাল এলাকা নীরব এলাকা হিসেবে বিবেচিত হয়। নীরব এলাকার সহনীয় মানমাত্রা ৫০ ডেসিবেল।

অক্সিজেন বাস টার্মিনাল এলাকায় ৯৮ দশমিক ৪ ডেসিবেল, কদমতলী বাস টার্মিনালে ৯০ দশমিক ৬ ডেসিবেল, সুগন্ধা আবাসিক এলাকায় ৮১ দশমিক ৩ ডেসিবেল, নাসিরাবাদ আবাসিক এলাকায় ৮৫ ডেসিবেল পাওয়া যায়। নিউমার্কেট এলাকায় পাওয়া যায় ৯৯ ডেসিবেল। 

আলী আশরাফ বলেন, ‘সবগুলো স্থানে সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দদূষণ পাওয়া গেছে। ৭০ ডেসিবেল হচ্ছে বিরক্তিকর, ৮০ ডেসিবেলে কানে কম শোনা যায়, ১০০ ডেসিবেলে কান ব্যথা করে আর ১০০ এর বেশি হলে কানের পর্দা ফেটে যায়।’

মাসিক দখিনার সম্পাদক সরওয়ার জাহানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক মুশফিক হোসাইনের সঞ্চালনায় আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, অধ্যাপক এ জে এম নুরুদ্দীন চৌধুরী, ইসরাত জাহান প্রমুখ।