চট্টগ্রামে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা শুরু
চট্টগ্রামে শুরু হয়েছে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের আয়োজন ‘মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা’। নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
গতকাল সকালে চট্টগ্রাম অঞ্চল-১-এর প্রতিযোগিতা উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এবং চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার পৃষ্ঠপোষক আবুল খায়ের গ্রুপের পরামর্শক তাসনিম এ করিম।
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, প্রতিভা বিকাশের এই ধরনের আয়োজনের ফলে বাংলাদেশে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে সুস্থ সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখবে।
তাসনিম এ করিম বলেন, ‘অতীতে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য নানা ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। কিন্তু এখন সে ধরনের কোনো প্ল্যাটফর্ম নেই। তাই তৃণমূল থেকে মেধাবী শিক্ষার্থীদের তুলে আনতে আমাদের এই আয়োজন।’
প্রতিযোগিতার সংগঠকেরা জানান, প্রাথমিক ও মাধ্যমিক—দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। এতে চট্টগ্রাম নগরের জামালখান, চাক্তাই, চকবাজার, আলকরণ, মাদারবাড়ি, পাঠানটুলী ও নিউমার্কেট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এই প্রতিযোগিতায় মোট ২৩০টি বিদ্যালয়ের সাত হাজার ৮৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
তাসনিম এ করিম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে এবার প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।’