চট্টগ্রামে মার্কিন নাগরিক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুরুল আলম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গত সোমবার তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ডলার, স্বর্ণালংকার লুট এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্ট জব্দ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পাঁচ যুবক তাঁকে হত্যা করেন বলে পুলিশ সূত্র জানায়। গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন—মো. মজিবুর রহমান (২২), জুয়েল বড়ুয়া (২৬) ও বাবুল বড়ুয়া (২৪)। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি দুই যুবক পলাতক আছেন। মজিবুর নিহত নুরুল আলমের শ্যালকের ছেলে।তিন যুবক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গতকাল দুপুরে নগর পুলিশের কমিশনারের সম্মেলন কক্ষে তাঁরা প্রথম আলোকে জানান, মনির নামের এক লোকের প্ররোচনায় তাঁরা নুরুলকে হত্যা করেন। ডলার ও স্বর্ণালংকার লুট এবং মার্কিন পাসপোর্ট জব্দ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছিল তাঁদের উদ্দেশ্য। গত ৩০ মে রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় নিজ বাড়িতে নুরুল আলম খুন হন। গতকাল বিকেলে জবানবন্দি দেওয়ার পর তিনজনকে চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান বলেন, মজিবুরের পরিবারিক অবস্থা ভালো ছিল না বলে ২০০৬ সালে অক্সিজেনের বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে তাঁকে নিযুক্ত করেন নুরুল আলম। সম্প্রতি নুরুল আলম যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে আসেন। নিজ ফুফাকে খুন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে চেয়েছিলেন মজিবুর। প্রায় দুই মাস আগে প্রতারণার মাধ্যমে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের এক মেয়েকে বিয়ে করেন তিনি। মজিবুর প্রথম আলোকে বলেন, ‘মনিরের প্ররোচনায় আমরা ফুফার ক্ষতি করেছি। তাঁর গ্রামের বাড়ি আমাদের এলাকায়। এ কারণে তাঁর সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। ফুফা-ফুফুর অনুপস্থিতিতে অক্সিজেনের বাড়িতে মনির আমার সঙ্গে থাকতেন। ফুফাকে জিম্মি কিংবা হত্যা করার চিন্তা মনিরের মাথা থেকে আসে। মনির তাঁর পরিচিত বাইরের তিন যুবককে দিয়ে ফুফাকে খুন করায়।’ বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘মনির ও সঞ্জীব নামের আরও দুই যুবককে আমরা খুঁজছি। এক সপ্তাহের মধ্যে তাঁদের আমরা ধরতে পারব বলে আশা করছি।’