চট্টগ্রামে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ সেফগার্ড
মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ইউএসএনএস সেফগার্ড এখন চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রীতি প্রশিক্ষণ ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কেরেট)’-এর অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর থেকে জাহাজটি চট্টগ্রামে অবস্থান করছে। মার্কিন নৌসেনা, নাবিক ও ডুবুরিদের সমন্বয়ে এই প্রশিক্ষণ চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার নৌবাহিনী স্কুল ও কলেজের একদল ছাত্রছাত্রী ও শিক্ষকদের জাহাজটি দেখানো হয়। এ সময় কয়েকজন সাংবাদিককেও আমন্ত্রণ জানানো হয়। জাহাজ ঘুরে দেখার পর শিক্ষার্থীদের ভিডিওচিত্রের মাধ্যমে উত্তাল সাগরে জাহাজটির কার্যক্রম দেখানো হয়। জাহাজটির ক্যাপ্টেন এড ডিকারসন প্রথম আলোকে বলেন, এ নিয়ে দুবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। কী ধরনের উদ্ধারকাজে জাহাজটি অংশ নেয়, জানতে চাইলে ক্যাপ্টেন এড ডিকারসন বলেন, সাগরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ছোট-বড় জাহাজ টেনে উপকূলে নিয়ে আসে ইউএসএনএস সেফগার্ড। সাগরে বাণিজ্যিক বা যুদ্ধজাহাজের আগুন নেভানোর কাজও করে এ জাহাজ। দস্যুতার বিরুদ্ধেও অভিযান চালানো হয়। এ জন্য এতে ভারী অস্ত্রশস্ত্র রাখার ব্যবস্থা আছে। অসুস্থ নাবিকদের জরুরি চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। জাপানের সুনামিতে এ জাহাজের নাবিকেরা প্রত্যক্ষভাবে উদ্ধারকাজে অংশ নেন। আমেরিকার সবচেয়ে দক্ষ ৯০ জন ডুবুরির মধ্যে ছয়জন এ জাহাজে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। জাহাজটির প্রধান প্রকৌশলী স্কটি রবিনসন বলেন, বছরের মধ্যে ৩০০ দিনই জাহাজটি সাগরে থাকে। এটি প্রতি তিন মাস অন্তর জায়গা বদল করে। ১৯৮৫ সালে এটি আমেরিকান নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়। জাহাজটির দৈর্ঘ্য ৭৮ মিটার, প্রস্থ ১৫ মিটার এবং পানির অংশের গভীরতা ৪ দশমিক ৭২ মিটার। ছয়জন কর্মকর্তাসহ এখানে মোট নাবিকের সংখ্যা ১০০ জন। জাহাজটি দেখতে আসা বাংলাদেশ নৌবাহিনী স্কুলের একাদশ প্রথম বর্ষের ছাত্রী ফারহানা ইয়াসমিন বলেন, ‘আগে নৌবাহিনীর জাহাজ সম্পর্কে শুনেছি। আজ দেখলাম। আমি খুবই উজ্জীবিত।’জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বাবার কাছে যুদ্ধজাহাজ সম্পর্কে জেনেছি। এবার দেখে অনেক বেশি আনন্দ পেলাম।’নন্দন সরকার বলেন, ‘আমার খুবই ভালো লাগছে, স্বপ্ন দেখছি একদিন বাংলাদেশেরও এ ধরনের জাহাজ হবে। এ সময় ছাত্রছাত্রীরা চালকের আসনে বসছিল আর মার্কিন সেনা ও নাবিকেরা তাদের ছবি তুলছিলেন।’